ডিজিটাল সেবার এই নমুনা!
সরকারের বিভিন্ন ডিজিটাল কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার জন্য যে ওয়েবসাইটটি নির্মাণ করা হয়েছিল, তা দীর্ঘদিন ধরে বন্ধ। ডিজিটাল সেবার জন্য তৈরি করা আরও দুটি ওয়েবসাইটের একটি বর্তমানে বন্ধ আছে, অপরটিও বেহাল।
প্রথম আলোর ধারাবাহিক পর্যবেক্ষণে দেখা গেছে, ডিজিটাল বাংলাদেশ নামের সরকারি (www.digitalbangladesh.gov.bd) ওয়েবসাইটটি দীর্ঘদিন ধরে অকার্যকর। সরকারের বিভিন্ন ধরনের ডিজিটাল কার্যক্রম তুলে ধরতে এই ওয়েবসাইট চালু করা হয়েছিল। এতে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের ডিজিটাল কার্যক্রম খবর ও ব্লগ আকারে প্রকাশ করার কথা। কিন্তু অনেক দিন ধরে সাইটটি কার্যত বন্ধ আছে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন তথ্য সহজে পাওয়ার জন্য ২০১১ সালের ফেব্রুয়ারিতে জাতীয় তথ্য কোষ (http://www. infokosh.bangladesh.gov.bd) নামের আরেকটি ওয়েবসাইট চালু করে। জনগণ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আইন, মানবাধিকার, পর্যটন, কর্মসংস্থানের তথ্য দিয়ে সাজানো হয় এই সাইটটি।
গতকাল ওয়েবসাইটটিতে দেখা গেছে, সেখানে চলতি বছরের জুন মাসের পরে আর ওই ওয়েবসাইটটি হালনাগাদ (আপডেট) করা হয়নি। ওয়েবসাইটটিতে ই-সেবা নামের একটি ঘরে ভিসা চেকিং, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা সিটি করপোরেশন এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের লিংক দেওয়া হয়েছে, কিন্তু কোনো লিংকেই ঢোকা যাচ্ছে না। লিংকগুলোতে গেলে অপ্রাসঙ্গিক ও দুর্বোধ্য কিছু বাংলা লেখা আসছে। ওয়েবসাইটটির যোগাযোগ বিভাগে গেলেও ওই দুর্বোধ্য শব্দটি আসছে। ওয়েবসাইটটিতে গুরুত্বপূর্ণ লিংক নামের যে ঘরটি রয়েছে, সেখানের তিনটি লিংকে ক্লিক করেই বাংলাদেশের কোনো লিংকই পাওয়া যায়নি। একটি লিংকে সার্চ ইঞ্জিন গুগুল, একটিতে টুইটার এবং আরেকটিতে ইংরেজি বিনোদনের সাইট এবিসির ওয়েবসাইট পাওয়া গেছে।
সহজে বিভিন্ন আবেদন ফরম পাওয়ার জন্য সরকার (http://www.forms.gov.bd/) ওয়েবসাইটটি চালু করেছিল। এই ওয়েবসাইটে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পেনশন, চালানপত্র, ভূমির কাগজসহ বিভিন্ন স্থানে আবেদন করার জন্য ৫০টি ফরম ছিল। এসব ফরম ওই ওয়েবসাইটটি থেকে সংগ্রহের পর কম্পিউটারেই তা পূরণ করে প্রিন্ট করে সহজে সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হতো। এতে করে সংশ্লিষ্ট স্থানে ওই ফরমগুলো নিয়ে একবার গেলেই চলত। কিন্তু সহজে ফরম পাওয়ার ওই ওয়েবসাইটটি চালুর কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়। এখন ওয়েবসাইটটির ঠিকানায় গেলে কোনো কিছু পাওয়া যায় না। সেখানে ইংরেজিতে লেখা আছে ওয়েবসাইটি নির্মাণাধীন।
তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট অনেকে বলছেন, ডিজিটাল সেবার কথা বলে ওই ওয়েবসাইটগুলো চালু করা হলেও দায়সারাভাবে নির্মাণ করায় এবং নিয়মিত তদারকি না করায় এগুলোর এ অবস্থা।
ডিজিটাল সেবা দেওয়ার জন্য সরকারের এ ধরনের বিভিন্ন ওয়েবসাইটের কারিগরি সহায়তা দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পরিচালিত সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) প্রকল্প। কাজের অংশ হিসেবে এই ওয়েবসাইটগুলো দেখভাল করার দায়িত্বও তাদের।
সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান গতকাল বলেন, ডিজিটাল বাংলাদেশ ওয়েবসাইটটি বন্ধ করা হবে। ই-তথ্য কোষের ওয়েবসাইটের নানা দুর্বলতার কথা স্বীকার করে তিনি বলেন, সাইটটি হালনাগাদ করার জন্য যথাযথ উদ্যোগ নেওয়া উচিত ছিল। এটি সম্পাদনার জন্য একটি কমিটি গঠন করা হবে। আর ফরম সরবরাহের ওয়েবসাইটটি তাঁদের নয়।