জিনিসপত্র জাদুঘরে স্থানান্তরের আহ্বান
ডিজিটাল স্টেশন নির্মাণে ভেঙে ফেলা হচ্ছে পুরোনো রেলস্টেশন
ডিজিটাল স্টেশন ও নতুন দ্বিতল ভবন নির্মাণের জন্য পঞ্চগড়ের পুরোনো রেলস্টেশনটি ভেঙে ফেলা হচ্ছে। তবে রেলস্টেশনের পুরোনো জিনিসপত্র জাদুঘরে স্থানান্তরের আহ্বান জানিয়েছে পঞ্চগড়ের পরিবেশবাদী, সাংস্কৃতিক সংগঠনসহ স্থানীয় সুধীমহল।
এ ছাড়া তাঁরা রেলস্টেশনে পুরোনো গাছগুলোও না কাটার দাবি জানিয়েছে।
পঞ্চগড় রেলস্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৬৭ সালে নির্মিত এই রেলস্টেশনে রয়েছে নানা ধরনের দৃষ্টিনন্দন প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র। রয়েছে পুরোনো দলিল-দস্তাবেজ। একসময় উত্তরবঙ্গের শেষ প্রান্তের সবচেয়ে ব্যস্ত রেলস্টেশন ছিল পঞ্চগড়।
মানুষ ছাড়াও সারা দেশে এ অঞ্চলের পাথর সরবরাহের একমাত্র বাহন ছিল এই রেলস্টেশনটি। এই স্টেশনে রয়েছে পুরোনো আমলের কারুকাজখচিত টেবিল, চেয়ার, রেলের ঘণ্টা, পুশ ট্রলি, লাইনম্যানের পুরোনো হ্যারিকেন, ‘টরেটক্কা মেশিন’, পুরোনো টিকিট, দলিল-দস্তাবেজ। এ ছাড়া এখানে নানা প্রজাতির প্রায় ২৫টি পুরোনো গাছ রয়েছে।
পঞ্চগড় পরিবেশ পরিষদের সভাপতি তৌহিদুল বারী জানান, পঞ্চগড় রেলস্টেশনের প্রত্নতাত্ত্বিক জিনিসপত্রগুলো পঞ্চগড় সরকারি মহিলা কলেজের রকস মিউজিয়ামে সংরক্ষণ করা উচিত। এগুলো জাতীয় ঐতিহ্য। স্টেশন ঘিরে যে পুরোনো গাছগুলো রয়েছে, সেগুলোও যাতে কেটে ফেলা না হয়।
কারিগর নামের এক সাংস্কৃতিক সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক সরকার হায়দার জানান, পঞ্চগড় রেলস্টেশনের পুরোনো জিনিসগুলো দেশের ঐতিহ্য। এগুলোকে অবশ্যই সংরক্ষণ করার জন্য সরকারকে এগিয়ে আসা উচিত।
জেলা উদীচীর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াও প্রত্নতাত্ত্বিক মূল্য আছে এমন জিনিসপত্র পঞ্চগড় সরকারি মহিলা কলেজের রকস মিউজিয়ামে দেওয়ার দাবি জানিয়েছেন।
সরকারি অনুদানে নির্মিত সিনেমা ছিটকিনির পরিচালক সাজেদুল আওয়াল সম্প্রতি প্রথম আলোকে জানান, সম্প্রতি এই রেলস্টেশনে ছিটকিনির প্রথম পর্বের শুটিং করা হয়েছে। দ্বিতীয় পর্ব শুটিংয়ের আগেই স্টেশনটি ভেঙে ফেলা হচ্ছে। ভবনটি না ভাঙলেও পারত। পুরোনো জিনিসপত্র সংরক্ষণ করা জরুরি।
প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক হুসনে জাহান জানান, রেলস্টেশনের পুরোনো জিনিসপত্র জাতীয় জীবনের ক্রমোন্নতির সাক্ষ্য বহন করছে। সেই সঙ্গে পুরোনো গাছগুলো তাঁদের স্মৃতিময় অতীত। সুতরাং, এগুলো সংরক্ষণ করার জন্য সব মহলের এগিয়ে আসা উচিত। সরকারকে তো অবশ্যই এগিয়ে আসতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
পঞ্চগড় রেলস্টেশনের মাস্টার বজলুর রহমান প্রথম আলোকে জানান, এখানে অনেক পুরোনো জিনিস রয়েছে। এগুলো কী হবে, এখনো সিদ্ধান্ত হয়নি। গাছ কাটার সিদ্ধান্ত হলেও রেলওয়ে কর্তৃপক্ষ আপত্তি জানিয়েছে।