ডিজিটাল স্বাক্ষর প্রদানের লাইসেন্স পেল বাংলাদেশ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে ডিজিটাল স্বাক্ষর প্রদানের লাইসেন্স দেওয়া হয়
ছবি: সংগৃহীত

অনলাইন লেনদেনের ক্ষেত্রে আর্থিক ঝুঁকি হ্রাস ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক খাতে ইলেকট্রনিক স্বাক্ষর প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক সিএ (সার্টিফাইয়িং অথরিটি) লাইসেন্স পেয়েছে।

এই লাইসেন্স অনলাইন লেনদেনের ক্ষেত্রে তথ্যদাতা ও গ্রহীতার পরিচিতির পাশাপাশি তথ্যের গোপনীয়তা, নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সাহায্য করবে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ (আইসিটি) এ তথ্য জানিয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ (সিসিএ) বাংলাদেশ ব্যাংককে এ লাইসেন্স দেয়।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেন, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং খাতে ডিজিটাল স্বাক্ষর বাস্তবায়িত হলে অনলাইন আর্থিক লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিএর প্রধান নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সাঈদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবিরসহ আইসিটি বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।