ডিজিটাল স্বাস্থ্যসেবা 'টনিক' আনল গ্রামীণফোন
বাংলাদেশের গ্রাহকদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা ‘টনিক’ চালু করেছে গ্রামীণফোন ও টেলিনর হেলথ। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং টেলিনর হেলথের সহযোগীদের উপস্থিতিতে নতুন এই স্বাস্থ্যসেবা উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ‘টনিক’-এর সদস্যরা চার ধরনের স্বাস্থ্যসেবা পাবেন। ‘টনিক জীবন’-এর সদস্যরা এসএমএস, ওয়েব ও ফেসবুকের মাধ্যমে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ধরনের টিপস ও তথ্য পাবেন। ‘টনিক ডাক্তার’-এর সদস্যরা সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা একটি নির্দিষ্ট নম্বর ৭৮৯-এ ফোন করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন। এ ছাড়া দেশের ৫০টি হাসপাতালে চিকিৎসা খরচে ছাড় পাবেন ‘টনিক ডিসকাউন্ট’-এর সদস্যরা। আর ‘টনিক ক্যাশ’-এর সদস্যরা তিন রাত হাসপাতালে থাকলে তাঁদের বিল থেকে ৫০০ টাকা পরিশোধ করা হবে।
টেলিনরের এই বিশেষ স্বাস্থ্যসেবার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর, টেলিনর ও বিটিআরসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলাদেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়ার জন্য টেলিনরের এই উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে টেলিনর গ্রুপের ইভিপি ও প্রধান বিপণন কর্মকর্তা বিবেক সুদ বলেন, বাংলাদেশ ও এশিয়ার দেশগুলোর প্রতি টেলিনরের দায়বদ্ধতার একটি উদাহরণ হচ্ছে ‘টনিক’। এই ধরনের স্বাস্থ্য উদ্যোগ তাঁরা বাংলাদেশেই প্রথম নিয়েছেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই কর্মসূচি সাজাতে বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসকদের একটি উপদেষ্টা প্যানেলের সহায়তা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আছেন জাতীয় অধ্যাপক এম আর খান, অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মালেক ও অধ্যাপক আজাদ খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টেলিনর হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজেদ রহমান বক্তব্য দেন।