জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, দেশের আইন সভা জাতীয় সংসদ ডিজিটালাইজেশনের আওতায় এসেছে। এর ফলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট প্রয়োগের মাধ্যমে সংসদের কার্যক্রম সম্পাদন ক্রমশ গতিশীল হচ্ছে।গতকাল ১০ দিনব্যাপী ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অবহিতকরণ’ শীর্ষক কোর্স উদ্বোধনকালে ডেপুটি স্পিকার এ কথা বলেন। সংসদ সচিবালয় ও আইপিডি প্রকল্পের যৌথ উদ্যোগে জাতীয় সংসদের গ্রন্থাগারে এ কোর্স হচ্ছে। এতে প্রাথমিক পর্যায়ে দুই ব্যাচে ২১ জন সাংসদ অংশ নিচ্ছেন।সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ এ বি এম গোলাম মোস্তফা, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী ও আইপিডি প্রকল্পের চিফ টেকনিক্যাল অফিসার মার্সিয়া মনহে বক্তব্য দেন। এদিকে গতকাল ঢাকার আইডিবি মিলনায়তনে ইউএনএইডসের সহযোগিতায় হিজড়াদের সংগঠন বন্ধু আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধানে সব শ্রেণী-পেশার মানুষের জন্য সম-অধিকারের নিশ্চয়তা বিধান করা হয়েছে।