
সাইবার নিরাপত্তা সক্ষমতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল সুযোগ-সুবিধা ব্যবহার করে কেউ যেন অপরাধ করতে না পারে, সে জন্য পদক্ষেপ নিতে হবে। গতকাল বুধবার সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বিএএসআইএস) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় ‘নন-স্টপ বাংলাদেশ’ থিম নিয়ে এ মেলার আয়োজন করেছে আইসিটি বিভাগ।
প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটালাইজেশনের সঙ্গে যুক্ত কিছু নিরাপত্তা সমস্যা সৃষ্টি হয়েছে। এ জন্য আমাদের সাইবার নিরাপত্তা সক্ষমতা জোরদার করতে হবে...আমাদের সতর্ক থাকতে হবে যেন কোনোভাবে আর্থিক খাত এবং গোপনীয় বিষয় ব্যাহত না হয়।’ সাইবার অপরাধ রোধে জনবল নিয়োগ ও সরঞ্জাম সংগ্রহ করার কথাও জানান তিনি।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রণয়নের উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর আওতায় বাংলাদেশে বিশ্বমানের ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন, সাইবার সিকিউরিটি এজেন্সি গঠন, সাইবার ইনসিডেন্স রেসপন্স টিম (সিইআরটি) প্রতিষ্ঠা এবং উচ্চপর্যায়ের ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল গঠন করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমাদের সরকার বিগত সাড়ে সাত বছরে আইসিটি খাতে আমূল পরিবর্তন এনেছে। আজ দেশের প্রতিটি উপজেলা ফাইবার অপটিক কেব্লের আওতায় এসেছে। যে ব্যান্ডউইটথের দাম ২০০৭ সালে ছিল ৭৬ হাজার টাকা, তা কমিয়ে বর্তমানে মাত্র ৬২৫ টাকায় এনেছি। প্রায় সব উপজেলা থ্রিজি সেবার আওতায় এসেছে। ২০১৭ সালের মধ্যেই ফোর-জি চালুর পরিকল্পনা করা হয়েছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, আউটসোর্সিং থেকে তরুণ জনগোষ্ঠীর উপার্জনের দক্ষতা বাড়াতে সরকার ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্প বাস্তবায়ন করছে। আলোচনা পর্ব শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।
মেলায় ডিজিটাল বাংলাদেশ গড়তে ৪০টি মন্ত্রণালয় কী কী সেবা দিচ্ছে তার চিত্র তুলে ধরা হবে। এ ছাড়া শীর্ষস্থানীয় শতাধিক বেসরকারি প্রতিষ্ঠান তাদের ডিজিটাল কার্যক্রম তুলে ধরবে। তিন দিনব্যাপী এ আয়োজনে মাইক্রোসফট, ফেসবুক, বিশ্বব্যাংক, জেডটিই, হুয়াওয়েসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ৪৩ জন বিদেশি বক্তাসহ দুই শর বেশি বক্তা ১৮টি অধিবেশনে অংশ নেবেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, আইসিটি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার, বিসিসি সভাপতি মোস্তাফা জব্বার, বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। অনুষ্ঠানে আইসিটি খাতে নারীর উল্লেখযোগ্য অগ্রগতি ও উন্নয়ন একটি ভিডিওচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী পরে আইসিটি বিষয়ে নারীদের প্রশিক্ষণ-সুবিধার জন্য ডিজিটাল সুবিধাসংবলিত ছয়টি ‘স্মার্ট বাস’ উদ্বোধন করেন।