ডিজিটের ভুলে উপবৃত্তির টাকা পাচ্ছে না ৯৯ শিক্ষার্থী
মুঠোফোন নম্বরের ডিজিটে ভুল হওয়ায় লালমনিরহাট সদর উপজেলার মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের ২ ও আদিতমারী উপজেলার মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজের ৩ শিক্ষার্থীসহ জেলার ৯৯ জন শিক্ষার্থী এবার সরকারের উপবৃত্তির টাকা পায়নি। তারা সবাই ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থী। তারা সংশ্লিষ্ট কলেজ, ডাচ্-বাংলা ব্যাংক ও শিক্ষা কার্যালয়ে যোগাযোগ করেও এর কোনো সমাধান পাচ্ছে না।
লালমনিরহাট ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের মুঠোফোন ব্যাংকিং শাখা সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের ‘হাইয়ার সেকেন্ডারি স্টাইফিন প্রজেক্ট (এইচএসএসপি)’-এর দেওয়া তালিকা অনুযায়ী, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের এইচএসসি পড়ুয়া লালমনিরহাটের বিভিন্ন কলেজের ২ হাজার ৩৬৬ জন শিক্ষার্থী উপবৃত্তির জন্য চূড়ান্ত মনোনীত হয়। এর মধ্যে পাটগ্রামে ৩৮৫, হাতীবান্ধায় ৩৫৭, কালীগঞ্জে ৫৫৫, আদিতমারীর ৪১৪ ও লালমনিরহাট সদরের ৬৫৫ জন শিক্ষার্থী। সরকার ডাচ্-বাংলার মুঠোফোন ব্যাংকিং সেবার মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহৃত মুঠোফোনে উপবৃত্তির টাকা পাঠানোর চুক্তি করে। সেই অনুযায়ী ডাচ্-বাংলা ব্যাংকের মুঠোফোন ব্যাংকিং সেবার মাধ্যমে মন্ত্রণালয়ের এইচএসএসপি কর্তৃপক্ষের দেওয়া তালিকা অনুযায়ী, ২ হাজার ২৬৭ জন শিক্ষার্থীর মুঠোফোনে তিন দফায় চার কিস্তির টাকা পৌঁছে যায়। ব্যতিক্রম শুধু লালমনিরহাট সদর উপজেলার মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের ২ ও আদিতমারী উপজেলার মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজের ৩ শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন কলেজের ৯৯ জন শিক্ষার্থী। তাদের দেওয়া মুঠোফোন নম্বরের একটি করে ডিজিট (সংখ্যা) ভুল হওয়ায় দুই কিস্তির টাকা এখনো পায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, উপবৃত্তির টাকা পাওয়ার জন্য সদর উপজেলার শিক্ষার্থী সাবরিনা প্রধান ও আনোয়ারা বেগম কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছে। আদিতমারীর বঞ্চিত ৩ শিক্ষার্থীও আবেদন করেছে। কিন্তু এখন পর্যন্ত সমস্যার কোনো সুরাহা হয়নি।
উপবৃত্তির টাকা না পাওয়া সাবরিনা প্রধান ও জান্নাতুন ফেরদৌসি বলে, ‘আমরা সরকারি নিয়মে যোগ্য বিধায় সরকার উপবৃত্তির টাকা দিয়েছে। দুই দফায় ২ হাজার ৭০০ টাকা পেয়েছি। তবে অন্যরা আরও দুই দফায় টাকা পেয়েছে। এবার মোবাইল নম্বর ভুলের জন্য নাকি আমরা উপবৃত্তির টাকা পাচ্ছি না। আমরা দ্রুত এই উপবৃত্তির টাকাটা চাই।’
আদিতমারীর মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরওয়ার আলম বলেন, ‘আমার কলেজের শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌসিসহ মোট ৩ জন শিক্ষার্থী মুঠোফোনের ডিজিট ভুল হওয়ায় টাকা পায়নি। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা সংশোধন করে তালিকা পাঠাতে অনুরোধ করা হয়েছে।’
লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘আমার কলেজের ২ শিক্ষার্থী উপবৃত্তির প্রথম ও দ্বিতীয় দফার টাকা ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিজেদের মুঠোফোনের মাধ্যমেই পেয়েছে। কিন্তু ওই একই শিক্ষার্থী তৃতীয় ও চতুর্থ দফার টাকা পায়নি। খোঁজখবর নিয়ে জানতে পারি, তাদের মোবাইল ডিজিট ভুল হওয়ায় টাকা পাঠাতে পারছে না ডাচ্-বাংলা ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট এইচএসএসপি প্রকল্প বরাবর কাগজপত্র পাঠিয়েছি।’
ডাচ্-বাংলা ব্যাংকের মুঠোফোন ব্যাংকিং লালমনিরহাট শাখা ব্যবস্থাপক মামুনুর রশীদ বলেন, ‘মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকায় ভুল থাকায় লালমনিরহাটে মোট ৯৯ জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা পায়নি। তবে সংশোধনী তালিকা কর্তৃপক্ষের মাধ্যমে এলে আমরা সংশ্লিষ্ট শিক্ষার্থীর মুঠোফোনের ব্যাংকিং নম্বরে টাকা পাঠিয়ে দেব। মুঠোফোনের ডিজিট সংশোধন না করা হলে আমার কিছু করার নেই।’