ডিজির নির্দেশের পরও সেই শিক্ষিকার বিরুদ্ধে মামলা হয়নি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) নির্দেশের প্রায় চার মাস পরও অনিয়ম ও দুর্নীতির দায়ে অভিযুক্ত রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহীনা বেগমের বিরুদ্ধে মামলা হয়নি। শাহীনার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি গত ২৪ এপ্রিল বিভাগীয় মামলা দায়ের ও তাঁকে শাস্তিমূলক বদলির নির্দেশ দেন।
কর্তৃপক্ষ উল্টো শাহীনাকে আরও সুবিধাজনক স্থানে বদলি করেছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে ১৬ কিলোমিটার দূরের লোহানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহীনা বেগমের বিরুদ্ধে ভাড়া করে আনা শিক্ষক দিয়ে পাঠদান করানো, শিক্ষার্থী-অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা, বিনামূল্যের বই বিতরণে টাকা আদায়, বিদ্যালয়ের ফ্যান খুলে নিয়ে যাওয়াসহ বিভিন্ন বিষয়ে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা গত বছরের ৬ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। শাহীনার বিরুদ্ধে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির স্বাক্ষর জাল করার অভিযোগও রয়েছে। প্রথম আলোতে ২৪ সেপ্টেম্বর ‘তাঁরা খোশগল্প করেন, ক্লাস নেন ভাড়াটে শিক্ষকেরা’ এবং গত ৭ জানুয়ারি ‘প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সভাপতির সই জাল করার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদের নির্দেশে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে দুটি তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দেয়। পরে পৃথকভাবে রংপুরের জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবরে ওই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরসহ শাস্তিমূলক বদলির সুপারিশ করেন ইউএনও এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
গত ২৪ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি ওই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক বদলির আদেশ দেন।
অভিযুক্ত শাহীনা বেগম বলেন, ‘আমি উপরের নির্দেশে নতুন কর্মস্থলে যোগদান করেছি।’ জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুরের বিভাগীয় ভারপ্রাপ্ত উপপরিচালক খোরসেদুল আলম চৌধুরী বলেন, ডিজির নির্দেশে শাহীনাকে প্রথমে দূরের বিদ্যালয়ে বদলি করা হয়। পরে মানবিক কারণে তা স্থগিত করে অন্য বিদ্যালয়ে করা হয়। তাঁর বিরুদ্ধে অচিরেই মামলা করা হবে।