ডিজে পার্টির নামে অশ্লীল নৃত্য গ্রেপ্তার ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পিকনিক স্পটে ডিজে পার্টির নামে অশ্লীল নৃত্য পরিবেশনের সময় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার মৌচাক ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের ওয়াটার ফ্রন্ট পিকনিক স্পটে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তিন শতাধিক বিয়ার ও চারটি বিদেশি মদ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই পিকনিক স্পটটি চালু হওয়ার পর থেকেই সেখানে নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড চলে আসছিল বলে অভিযোগ ছিল। একটি প্রভাবশালী মহল ওই পিকনিক স্পট কর্তৃপক্ষের সহায়তায় গত মঙ্গলবার রাতে ডিজে পার্টির আয়োজন করে। এক মাস ধরে ওই পার্টির টিকিট বিক্রি চলছিল। টিকিটে লেখা রয়েছে, ‘ডিজে পার্টি হট ড্যান্স অ্যান্ড নাইট, স্থান-রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট, সঙ্গে খাবার ও মদ দুই পেগ, মূল্য তিন হাজার টাকা।’ রাত নয়টার দিকে ওই অনুষ্ঠান শুরু হওয়ার পর কালিয়াকৈর থানার পুলিশ অভিযান চালায়। এ সময় ওই স্পটের বিভিন্ন কটেজ থেকে আপত্তিকর অবস্থায় ১৬ জন তরুণী, আটজন যুবক এবং স্পটের ব্যবস্থাপক মশিউর আলমকে গ্রেপ্তার করা হয়। তিন শতাধিক বিয়ার, চারটি বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে পৃথক তিনটি মামলা করা হয়েছে।ওই স্পটের ব্যবস্থাপনা পরিচালক লুৎফা ইসলাম প্রথম আলোকে জানান, ওই পার্টি সম্পর্কে তাঁর আগে থেকে জানা ছিল না। কিছু অসাধু কর্মকর্তা গোপনে ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।এলাকাবাসী অভিযোগ করেন, সম্প্রতি গড়ে ওঠা উপজেলার বেশকিছু পিকনিক স্পটে এ ধরনের অসামাজিক কর্মকাণ্ড চলে আসছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন থেকে এলাকার বিনোদনকেন্দ্রগুলোতে রাতের বেলায় টহল জোরদার করা হবে।