ডিজেল ও কেরোসিনের দাম লিটারে আট টাকা বাড়ানোর প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি আট টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বিপিসি থেকে গত রোববার এই প্রস্তাব জ্বালানি মন্ত্রণালয়ে পাঠানো হয়। বর্তমানে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৪৪ টাকা। জানা গেছে, গতকাল বুধবার মধ্যরাত থেকে ভারত ১৪টি শহরে ডিজেল ও পেট্রলের দাম বাড়িয়েছে। সে দেশে প্রতি লিটার ডিজেলের দাম ৩৮ দশমিক ১০ রুপি বা বাংলাদেশি ৫৮ টাকা ৬০ পয়সা। বিপিসির কর্মকর্তারা মনে করেন, ভারতের চেয়ে বাংলাদেশে ডিজেলের দাম খুব কম হলে বিভিন্ন সীমান্ত দিয়ে ডিজেল ভারতে পাচার হয়। জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জ্বালানি মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে যায়। জ্বালানি তেলের দাম হ্রাস-বৃদ্ধির ক্ষমতা রয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের। এ কারণে প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয় থেকে ওই কমিশনে যাবে এবং কমিশনে গণশুনানির পর এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। জানা গেছে, চলতি সেচ মৌসুমের (ডিসেম্বর থেকে মে মাস) পর এই মূল্যবৃদ্ধির সম্ভাবনা বেশি। বিপিসির চেয়ারম্যান আনোয়ারুল করিম প্রথম আলোকে বলেন, ‘আমরা সরাসরি দাম বাড়ানোর প্রস্তাব দিইনি। তবে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন আমদানিতে আমাদের যে আট টাকা হারে লোকসান হয়, তা আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। এই লোকসানের কারণে অর্থবছর শেষে আগামী জুনে আমাদের লোকসানের পরিমাণ দাঁড়াবে এক হাজার ৪৭২ কোটি টাকা। এ কারণে জ্বালানি তেলের স্বাভাবিক আমদানি অক্ষুণ্ন রাখার জন্য আমরা সরকারের কাছে নগদ অর্থসহায়তা চেয়েছি।’সূত্র জানায়, বিপিসির ওই প্রস্তাবে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বিপিসির তেল আমদানি খরচ বেড়ে গেছে। ডিজেল ও কেরোসিনে প্রতি লিটারে আট থেকে সাড়ে আট টাকা লোকসান হচ্ছে। এই দুই ধরনের তেল দেশের মোট জ্বালানি তেলের চাহিদার ৬৫ শতাংশেরও বেশি।বিপিসি সূত্রমতে, সর্বশেষ গত বছরের ১২ জানুয়ারি জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। বর্তমানে দেশে মোট ডিজেলের ৩২ থেকে ৩৩ শতাংশ কৃষিকাজে ব্যবহূত হয়। ৫৮ থেকে ৬০ শতাংশের ব্যবহার হয় পরিবহন খাতে। বর্তমানে বিদ্যুৎ সংকটের কারণে জেনারেটরে ব্যবহারের জন্য মোট চাহিদার ৬ থেকে ৭ শতাংশ ডিজেল ব্যবহূত হচ্ছে বলে জানা যায়। বিপিসির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, এখন প্রতি মাসে শোধিত এবং অশোধিত তেল আমদানির জন্য বিপিসির অন্তত এক হাজার ৮০০ থেকে দুই হাজার কোটি টাকা দরকার। আন্তর্জাতিক বাজারে দাম কম থাকায় গত বছরের এই সময়ে একই পরিমাণ তেল আমদানিতে ব্যয় হয় এক হাজার কোটি টাকার মধ্যে। ওই কর্মকর্তা বলেন, তেল আমদানির ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে লোকসান বৃদ্ধি পাওয়ায় বিপিসি সংকটে পড়েছে।চলতি বছর বিপিসি ৩৮ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির চাহিদা নির্ধারণ করেছে। এর মধ্যে ডিজেল ও কেরোসিন ২৮ লাখ টন। বাকি তেলের মধ্যে আছে উড়োজাহাজের জ্বালানি, পেট্রল, অকটেন ইত্যাদি।