ডিজেলচালিত সেচযন্ত্রই ভরসা
ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি ফকদনপুর গ্রামের কৃষক সলেমান আলী বোরোর জমি তৈরি করছেন। তাঁর দুই বিঘা জমি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৬ নম্বর গভীর নলকূপের পাশেই। অব্যাহত লোডশেডিংয়ের কারণে গভীর নলকূপের সেচ না পেয়ে ডিজেলচালিত অগভীর নলকূপের শরণাপন্ন হয়েছেন।সলেমান আলী গ্রামের এক কৃষকের কাছ থেকে বিঘাপ্রতি দুই মণ ধান দেওয়ার চুক্তিতে অগভীর নলকূপ ভাড়া নেন। এখন আবার ধানের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার দুঃশ্চিন্তায় পড়েছেন তিনি। এটা শুধু ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি ফকদনপুর গ্রামের কৃষক সলেমান আলীর চিত্র নয়, জেলার অনেক কৃষকই বেশি দামে ডিজেল কিনে ধানের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কায় আছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে, জেলায় ৬৭ হাজার ৫৫৪ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৭১৬ মেট্রিক টন। এই লক্ষ্যমাত্রা অর্জনে জেলায় বিদ্যুৎ-চালিত ১ হাজার ২৩০টি গভীর নলকূপ ব্যবহার করে জমিতে সেচ দেওয়া হচ্ছে। জমির সেচকাজে ৩ হাজার ৬২৭টি অগভীর নলকূপ ব্যবহূত হচ্ছে। পাশাপাশি কৃষকেরা ৩৮ হাজার ৯৮০টি ডিজেলচালিত সেচযন্ত্র দিয়ে বোরো জমিতে সেচ দিচ্ছেন। রানীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গিয়ে দেখা গেছে, রাস্তার পাশের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের পাশে বোরো জমির আগাছা পরিষ্কার করছেন এক কৃষক। আর গভীর নলকূপের সামনে খড় পেতে বিশ্রাম নিচ্ছেন আবদুল বারেক নামের অন্য এক কৃষক। তিনি পকেটে রাখা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নলকূপের পূর্বপরিশোধিত (প্রি-পেইড) কার্ড বের করে বলেন, ‘এই দেখেন কার্ড, পকেটে করে শুতে আছি। কারেন্ট (বিদ্যুৎ) আসিবার নাম নেছেনি। তাই শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছি।’ কথা শুনে এগিয়ে আসেন হামিদুর রহমান নামের আরেক কৃষক। তিনি জানান, বরেন্দ্রর এই নলকূপের আওতায় যে পরিমাণ জমিতে বোরো আবাদ হচ্ছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেলে সব জমি সেচের আওতায় আনা সম্ভব। কিন্তু দিনে চার থেকে পাঁচ ঘণ্টার বেশি একনাগারে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এ কারণে সব জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। তাই কৃষকেরা নিজ উদ্যোগে ডিজেলচালিত সেচযন্ত্রের মাধ্যমে জমিতে সেচ দিচ্ছেন।পাম্পগুলোতে চাহিদামতো ডিজেল পাওয়া যাচ্ছে না। কৃষকেরা খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত দরের চেয়ে লিটারপ্রতি পাঁচ থেকে সাত টাকা অতিরিক্ত দরে ডিজেল কিনে শ্যালোযন্ত্র সচল রাখছেন। এতেও তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।ঠাকুরগাঁও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুর রহমান বলেন, ‘জেলায় এক হাজার ২৩০টি গভীর নলকূপের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না পেলেও কৃষকের জমিতে নিয়মিত সেচের পানি দিয়ে যাচ্ছে।’ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক মহাব্যবস্থাপক আরিফ আহমেদ বলেন, জেলায় পল্লী বিদ্যুতের চাহিদা রয়েছে ৪৩ মেগাওয়াট। কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র ১২ থেকে ১৩ মেগাওয়াট। চহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম থাকায় বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বেলায়েত হোসেন জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ-চালিত সেচের আওতায় জমিতে সেচকাজ কিছুটা ব্যাহত হলেও তা বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে তা প্রভাব ফেলবে না।