ডিজেলশূন্য চিলমারীর ডিপো বোরো চাষ বিঘ্নের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রহ্মপুত্রে নাব্যতা-সংকটের কারণে তেলবাহী জাহাজ নির্বিঘ্নে নদীপথে কুড়িগ্রামের চিলমারী ব্যাংমারা ঘাটে আসতে পারছে না। এতে ব্যাংমারা ঘাটে অবস্থিত ভাসমান তেল ডিপোটি ডিজেলশূন্য হয়ে পড়েছে। দেড় সপ্তাহ ধরে ডিপো থেকে ডিজেল সরবরাহ বন্ধ রয়েছে। চলতি বোরো মৌসুমে ভাসমান ডিপো থেকে ডিজেল সরবরাহ বন্ধ থাকায় উলিপুর, চিলমারী উপজেলার চরাঞ্চলসহ পার্শ্ববর্তী এলাকায় ডিজেলের সংকট দেখা দিয়েছে। স্থানীয় হাটবাজারে প্রতি লিটার ডিজেলের দাম দুই থেকে তিন টাকা বেড়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালে উত্তরাঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে চিলমারীতে ভাসমান তেল ডিপোটি স্থাপন করা হয়। পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল কোম্পানি তিনটি বার্জ থেকে একই সঙ্গে তেল সরবরাহ শুরু করে। পরে পদ্মা ওয়েল কোম্পানি চিলমারী থেকে স্থানান্তরিত হয়ে গাইবান্ধার বালাসীতে চলে যায়। চিলমারীর দুটি বার্জের মধ্যে মেঘনা ওয়েল কোম্পানির মেরিন বার্জে তেল ধারণক্ষমতা চার লাখ লিটার এবং যমুনা ওয়েল কোম্পানির বার্জে তেল ধারণক্ষমতা সাড়ে সাত লাখ লিটার। বর্তমানে উলিপুর ও চিলমারীতে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ হাজার লিটার তেলের চাহিদা রয়েছে। এই ডিপো থেকে প্রতি লিটার ডিজেল ৪২ টাকা ৭১ পয়সা দরে বিক্রি হয়। মেঘনা কোম্পানি ১০ জন এবং যমুনা ১৫ জন এজেন্টের মাধ্যমে ডিজেল বিপণন করে। মূল এজেন্টরা সাব-এজেন্ট ও খুচরা বিক্রেতাদের মাধ্যমে বাজারে ডিজেল সরবরাহ ও বিক্রি করে। বাজারে প্রতি লিটার ডিজেলের খুচরা মূল্য সর্বোচ্চ ৪৪ টাকা।ডিপোর যমুনা কোম্পানির অফিস সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ২০ জানুয়ারি তিন লাখ ৯৯ হাজার লিটার ডিজেল নিয়ে একটি জাহাজ চিলমারীর ব্যাংমারা ঘাটে আসে। ব্রহ্মপুত্র নদের নাব্যতা কমে যাওয়ায় তেলবাহী জাহাজটি বারবার পথ পরিবর্তন করে চিলমারী ঘাটে আসে। আসার পথে দুই দিন জাহাজটি বালুচরে আটকেও ছিল। অন্যদিকে, জানুয়ারির প্রথম সপ্তাহে মেঘনা কোম্পানির একটি জাহাজ তিন লাখ ২০ হাজার লিটার ডিজেল নিয়ে ঘাটে পৌঁছায়। কিন্তু দেড় সপ্তাহ ধরে দুই কোম্পানির ডিজেলের মজুদ শূন্য হয়ে পড়ায় সরবরাহ বন্ধ হয়ে যায়।চিলমারী ভাসমান তেল ডিপো থেকে ডিজেল সরবরাহ বন্ধ থাকায় উলিপুর-চিলমারী, রৌমারী উপজেলার চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলে দেড় সপ্তাহে ডিজেলচালিত শ্যালো মেশিনের মালিকেরা তাঁদের আওতায় বোরো চাষিদের সেচ দিতে হিমশিম খাচ্ছেন।মেঘনা ডিপোর দায়িত্বপ্রাপ্ত আসমত আলী জানান, ব্রহ্মপুত্র নদের পানির গভীরতা সাত ফুট না থাকায় ঢাকার গোদাইনাল থেকে ডিজেল নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ী হয়ে চিলমারী ঘাটে জাহাজ ভিড়তে পারছে না। এ কারণে এ অঞ্চলে ডিজেলের সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বিক অবস্থা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।চিলমারী বাজারের ব্যবসায়ী আলী হোসেন জানান, ব্যবসায়ীদের কাছে যে ডিজেল আছে, বড়জোর তা দিয়ে এক সপ্তাহ চালানো যাবে। এরই মধ্যে তিনি প্রতি লিটার ডিজেল ৪৬-৪৮ টাকায় বিক্রি করছেন।চিলমারী উপজেলার চেয়ারম্যান শওকত আলী বলেন, ‘প্রতিবছর বোরো মৌসুমে ভাসমান তেল ডিপোতে ডিজেলের সংকট দেখা দেয়। নদের নাব্যতা কমে যাওয়ায় এরূপ অবস্থা হয় বলে শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’