ডিজেলে ভর্তুকি তুলে নেওয়ার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি খাত ছাড়া দেশে ডিজেলের ভর্তুকি প্রথা তুলে দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। একইভাবে কেরোসিন ছাড়া বাকি জ্বালানি তেলে ভর্তুকি বাতিলের প্রস্তাব করেছে সংস্থাটি। 
গত অক্টোবরে বিপিসি ‘তরল জ্বালানি আমদানি ও বিতরণে প্রদত্ত সরকারি সহায়তা (ভর্তুকি) যৌক্তিকীকরণ’ শীর্ষক এ প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, এটি বাস্তবায়িত হলে বছরে ডিজেলে ভর্তুকির পেছনে সরকারের খরচ ৭৫ শতাংশ কমে যাবে। প্রস্তাবে আন্তর্জাতিক বাজারমূল্য ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ডিজেলের দাম পুনর্নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৬৮ টাকায়।
তবে জ্বালানি তেলের মূল্য পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থাগুলোর সূত্রে জানা গেছে, ছয় মাস ধরেই সব ধরনের জ্বালানি তেলের দাম কমছে। পণ্যের দাম পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, গত নভেম্বর মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম ১৮ শতাংশ কমেছে। ভারত গত দুই মাসে ডিজেলের দাম তিন দফায় লিটারপ্রতি সাড়ে চার রুপি করে কমিয়েছে। ভর্তুকি ছাড়াই ভারতে প্রতি লিটার ডিজেল ৬৬ রুপি করে বিক্রি হচ্ছে। কিন্তু বাংলাদেশে ডিজেলের দাম গত বছরের জানুয়ারির পর আর কমানো হয়নি।
বিপিসির প্রস্তাবে বলা হয়েছে, ডিজেল ব্যবহারের জন্য সরকারের দেওয়া ভর্তুকি কৃষি মন্ত্রণালয়ের অনুকূলে ছাড় দিতে হবে। কৃষি মন্ত্রণালয় নির্বাচিত সুবিধাভোগী কৃষকদের নগদে বা ব্যাংক হিসাবের মাধ্যমে তা দেওয়া হবে। আর অন্যান্য খাতের জন্য কেরোসিন, ডিজেলসহ সব জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করতে হবে।
এ বিষয়ে বিপিসির চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, ‘যে সময়ে আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম, তখনো ডিজেলে ভর্তুকি দিতে হচ্ছিল। এখন লাগছে না। এই অবস্থায় সরকার প্রস্তাবটির বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
ডিজেলে ভর্তুকি যৌক্তিকীকরণের প্রস্তাবটিকে সমর্থন দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখেই দেশে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা উচিত বলে মনে করেন তিনি। প্রথম আলোকে ম তামিম বলেন, ভর্তুকি যৌক্তিকীকরণের এটিই সবচেয়ে ভালো সময়। কারণ, এ মুহূর্তে সরকারকে ডিজেলসহ কোনো জ্বালানিতেই ভর্তুকি দিতে হচ্ছে না। সব ধরনের জ্বালানি তেল থেকে এখন বিপিসি লাভ করছে। খুব বেশি লাভের আশা না করে যদি সরকার এখনই জ্বালানি তেলের মূল্য কমাতে পারে, সে ক্ষেত্রে ভবিষ্যতে দাম বাড়ানোর ক্ষেত্রে তাদের ঝামেলায় পড়তে হবে না।
ভর্তুকি যৌক্তিকীকরণের প্রস্তাব বিষয়ে জ্বালানিসচিব আবু বকর সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘এটি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আন্তমন্ত্রণালয় বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিপিসির হিসাবে, দেশে আমদানি ও ব্যবহৃত জ্বালানি তেলের ৬০ ভাগই ডিজেল। ২০১৪-১৫ অর্থবছরে দেশে সম্ভাব্য ডিজেল ব্যবহারের পরিমাণ ধরা হয়েছে ৩৩ লাখ মেট্রিক টন। ২০১৩-১৪ সালে ব্যবহার করা হয়েছে ৩২ লাখ ৪০ হাজার ৯৪৪ মেট্রিক টন। মোট ডিজেলের ৩০ শতাংশ ব্যবহৃত হয় কৃষিতে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যোগাযোগ খাতে (৫৩.৪৩%)।
এ বিষয়ে জ্বালানিসচিব বলেন, ‘গরিব কৃষকের ভর্তুকির সুবিধা সব শ্রেণির মানুষেরাই ভোগ করে আসছে। ভর্তুকির সুবিধা প্রান্তিক কৃষক কতটা পাচ্ছেন আর সামর্থ্যবান ব্যবসায়ীদের হাতে কতটা চলে যাচ্ছে, সেটি যাচাই করার সুযোগ নেই। তাই আমরা মনে করি, ভর্তুকির টাকাটা যদি সরাসরি কৃষি মন্ত্রণালয়কে দিয়ে দিই, তাহলে প্রকৃত কৃষকেরা লাভবান হবেন। এ ছাড়া বিপিসিকেও আমরা লাভজনক করতে চাই।’
বিপিসি সূত্রে জানা গেছে, তিন বছর আগেও সরকারকে প্রতি লিটার ডিজেলে ১৮ টাকা করে ভর্তুকি দিতে হতো। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও গত সেপ্টেম্বর পর্যন্ত লিটারে চার-পাঁচ টাকা ভর্তুকি দিতে হয়েছে। আর কেরোসিনের পেছনে ভর্তুকি দিতে হয়েছে তিন-চার টাকা। তবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আবারও ভর্তুকিতে ফিরতে হবে।