ডিটিএইচ সেবা নিয়ে আসছে বেক্সিমকোর রিয়েল ভিউ
বাংলাদেশে প্রথমবারের মতো স্যাটেলাইট থেকে সরাসরি সংকেত গ্রহণের মাধ্যমে টেলিভিশন দেখার প্রযুক্তি সেবা ‘রিয়েল ভিউ’ চালু করতে যাচ্ছে বেক্সিমকো কমিউনিকেশনস। আগামী এপ্রিল মাসের শেষের দিকে ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) এই সেবায় টিভি চ্যানেল দেখতে পাবেন গ্রাহকেরা।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বেক্সিমকো কমিউনিকেশনসের প্রধান নির্বাহী দিমিত্রি লেপিস্কি। তিনি বলেন, ‘লাইফ এখন রিয়েলি রঙিন’ এই স্লোগানে রিয়েল ভিউ ব্র্যান্ড ডিটিএইচ সেবা প্রথম দিকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহানগরে পাওয়া যাবে। ধীরে ধীরে সারা দেশের মানুষ এই সেবা গ্রহণ করতে পারবেন।
মাসে ৩০০ টাকায় বাংলাদেশের ২৬টি চ্যানেলসহ ১০০ টির বেশি চ্যানেল দেখা যাবে। ২০১৩ সালে সরকারের কাছ থেকে ডিটিএইচ সেবার লাইসেন্স পেয়ে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড পরিবেশকদের তালিকা চূড়ান্ত করেছে। রিয়েল ভিউয়ের ছবির গুণগত মান অ্যানালগ কেবল টিভির ছবির চাইতে অনেক ভালো হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, রিয়েল ভিউ ব্র্যান্ড বেক্সিমকো ও রাশিয়ান প্রতিষ্ঠান জিএস গ্রুপের একটি যৌথ উদ্যোগ। তাদের স্যাটেলাইট টিভির এই সেবা নিতে হলে একজন গ্রাহকের একটি ডিশ অ্যানটেনা ও সেট টপ বক্স প্রয়োজন হবে। এর মূল্য খুব শিগগির জানানো হবে।