ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ছয়টি পদে রদবদল করা হয়েছে। গতকাল বুধবার রেজিস্ট্রারের কার্যালয়ের এক নোটিশে এই রদবদলের কথা জানানো হয়।অধ্যাপক মোহাম্মদ আলী আকবরের স্থলে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তোফাজ্জল হোসেন মিয়াকে বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক নিয়োগ করা হয়েছে। অধ্যাপক মো. আবুল খায়ের চৌধুরীর স্থলে অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানকে ছাত্রবিষয়ক উপদেষ্টা, অধ্যাপক কাজী শাহানারা আহমেদের স্থলে অধ্যাপক মো. আবু হাদী নূর আলী খানকে প্রক্টর, অধ্যাপক মোহাম্মদ আলী আকবরের স্থলে অধ্যাপক এম এ সামাদ খানকে পশুপালন অনুষদের ডিন, প্রবীর কুমার মিত্র বিশ্বাসের স্থলে অধ্যাপক মোহাম্মদ আলী আকবরকে ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এবং দেওয়ান রাশিদুল হাসানের স্থলে অধ্যাপক মোহাম্মদ শামছুদ্দিনকে জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক করা হয়েছে। তাঁরা সবাই গতকাল কাজে যোগ দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।