জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের ডিন নির্বাচনে আওয়ামী লীগপন্থী প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাবে চারটি অনুষদের ভোট হয়।
বেলা পৌনে তিনটার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
গতকাল অনুষ্ঠিত চারটি অনুষদের নির্বাচনের তিনটিতেই আওয়ামী লীগপন্থী শিক্ষক ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগপন্থী প্যানেলের আরও একজন শিক্ষক নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগপন্থী শিক্ষকদের প্যানেল বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ থেকে ৫৮ ভোট পেয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষক মো. আমির হোসেন। একই প্যানেল থেকে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষক অজিত কুমার মজুমদার। জীববিজ্ঞান অনুষদে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আবদুল জব্বার হাওলাদার। এর আগে ব্যবসায় শিক্ষা অনুষদে এই প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিন নির্বাচিত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নীলাঞ্জন কুমার সাহা। কলা ও মানবিক অনুষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৬০ ভোট পেয়ে ডিন নির্বাচিত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মো. মোজাম্মেল হক।
বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেল জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে কলা ও মানবিক, সমাজবিজ্ঞান এবং জীববিজ্ঞান অনুষদে তিনজন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। এ প্যানেল থেকে কেউ নির্বাচিত হননি।
রিটার্নিং কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, চারটি অনুষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৪৫৯ জন শিক্ষক। ভোট দেন ৪৪০ জন।