জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্যদের নির্বাচনের পর উপাচার্য প্যানেল নির্বাচনের দাবি জানিয়েছেন শিক্ষকেরা। ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’-এর ব্যানারে বিভিন্ন সংগঠনের শিক্ষকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান। গতকাল শনিবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’-এর ব্যানারে বিভিন্ন সংগঠনের শিক্ষকেরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’-এর আহ্বায়ক অধ্যাপক এম এ মতিন। সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাজেদ আশরাফ করীম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, অধ্যাপক রশিদ হারুন, অধ্যাপক আমিনুল ইসলাম দুর্জয়, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক এ টি এম আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে এম এ মতিন বলেন, নিয়োগ পাওয়ার পর বর্তমান উপাচার্য বিভিন্ন গণমাধ্যমে জাকসু নির্বাচনসহ ৭৩-এর অধ্যাদেশ অনুসারে সব পর্যায়ে নিরপেক্ষ এবং গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। উপাচার্য আমাদের ১ জুলাই মেয়াদোত্তীর্ণ ডিন ও সিন্ডিকেট নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি ওই দিন ডিন ও সিন্ডিকেট নির্বাচনের ঘোষণা না দিয়ে ২০ জুলাই উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করেন। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, আমরাও উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করেছি। এখনো আমরা নির্বাচন চাই। তবে এর আগে পূর্বের দাবির মতো বর্তমানেও মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্য নির্বাচনের পর যথাযথ পদক্ষেপের মাধ্যমে উপাচার্য প্যানেল নির্বাচন করতে হবে। সংবাদ সম্মেলনে আগামী মঙ্গলবার উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে দাবি আদায় না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তাঁরা জানান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, শিক্ষকদের দাবির বিষয়টি আমাকে জানানো হয়েছে। উপাচার্য ব্যক্তিগত কারণে তিন দিনের ছুটিতে রয়েছেন। ছুটি শেষে তিনি কর্মস্থলে যোগ দেওয়ার পর বিষয়টি নিয়ে প্রশাসনিকভাবে তাঁর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।