ডিনস অ্যাওয়ার্ডে এবারও মেয়েরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের ডিন সম্মাননা প্রদান অনুষ্ঠান। ছবি: সাইফুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের ডিন সম্মাননা প্রদান অনুষ্ঠান। ছবি: সাইফুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধীন বিভিন্ন বিভাগে ২০১৩ সালের সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করায় ১৭ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পুস্তক রচনা ও মৌলিক গবেষণায় অবদান রাখায় পাঁচজন শিক্ষককেও এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এবারও এই অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরা এগিয়ে আছেন। ১ ডিসেম্বর প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ১৫ বছরে ডিনস অ্যাওয়ার্ড পাওয়া ৪৬৮ শিক্ষার্থীর ২৪৬ জনই ছাত্রী, যা অ্যাওয়ার্ডপ্রাপ্তদের ৫২ শতাংশ। ধারাবাহিকভাবে মেয়েরা ভালো করছেন। এবার দেখা গেছে, এই অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১৭ জনের ১১ জনই ছাত্রী (৬৪ শতাংশ)।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন পদার্থবিজ্ঞানের আরমিন আনোয়ার, গণিতের খাদিজা খাতুন, ফয়জুননেসা খোন্দকার, ফারহানা আকন্দ ও মো. রবিউল আউয়াল, রসায়নের মো. সাইফুল ইসলাম, মো. আমজাদ হোসেন, পরিসংখ্যান, প্রাণ-পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যানের মিরাজুল ইসলাম, নাসরিন সুলতানা, নাজিবা আকতার, আশীষ তালুকদার ও জর্জিনা জাকির এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের মো. তুহিন শেখ, তাহমিনা আকতার, সিলভি পিংকি চক্রবর্তী, সাজরাতুল আলম ও ফারহা ফেরদৌস।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন গণিত বিভাগের অধ্যাপক শাপলা শিরিন, রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, পরিসংখ্যান, প্রাণ-পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আবদুস সালাম আকন্দ ও সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক।
বিজ্ঞান অনুষদের ডিন মো. আবদুল আজিজের সভাপতিত্বে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।