ডিনের অপসারণ দাবিতে অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান নজরুল ইসলামের অপসারণ দাবিতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা এবার উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছেন। গতকাল রোববার বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘটের কারণে ওই অনুষদে কোনো পাঠদান-পরীক্ষা হয়নি। গতকাল সকাল আটটা থেকে শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো বিভাগের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন। বেলা একটার দিকে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে তিন ঘণ্টার অবস্থান ধর্মঘট পালন করেন। বিকেলে উপাচার্য মো. সালেহ উদ্দিন ধর্মঘটী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা সাময়িকভাবে অবস্থান ধর্মঘট তুলে নেন। অবশ্য পরে এক সমাবেশে আজ সোমবার দুপুরের মধ্যে দাবি মানা না হলে আমরণ অনশনের ঘোষণা দেন। এদিকে শিক্ষার্থীদের অভিযোগের তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তদন্ত কমিটির আহ্বায়ক সৈয়দ সামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।’