ডিপজল এক দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।পুলিশের কর্তব্যে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগে গত ২৯ নভেম্বর রাজধানীর দারুস সালাম থানা পুলিশ ডিপজলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। ওই দিন মামলার প্রাথমিক তদন্তের কাগজপত্র (সিডি) না থাকায় আদালত গতকাল রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে ডিপজলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।আদালত সূত্র জানায়, গত ১৬ নভেম্বর রাজধানীর গাবতলীতে ট্রাফিক সিগন্যাল অমান্য করে যাওয়ার সময় গাড়ি আটকালে ডিপজল এক ট্রাফিক কনস্টেবলকে মারধর করেন। ওই কনস্টেবল মামলা করলে পুলিশ ডিপজলকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। ডিপজল আত্মগোপন করেন।আদালতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, আসামি ট্রাফিক সিগন্যাল অমান্য করলে তাঁর বিরুদ্ধে মটরযান আইনে মামলা হবে। কিন্তু তাঁর বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। আসামিকে হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে। গত ২৮ নভেম্বর রাতে ডিপজল রাজধানীর দারুস সালাম থানায় আত্মসমর্পণ করেন।