ডিপজলের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়
চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর বিজয়নগরে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর সোয়া ১২টায় বিজয়নগরে স্কাইলার্ক ভবনে ঢোকার সময় ডিপজলকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় সন্ত্রাসীরা। তিনিও লাইসেন্স করা পিস্তল দিয়ে পাল্টা গুলি চালান। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ডিপজল পুলিশকে বলেছেন, সন্ত্রাসীরা তাঁকে গুলি করলে তিনি পাল্টা গুলি করেছেন। তবে কারা, কেন তাঁর ওপর হামলা করেছে, সে সম্পর্কে ডিপজল কিছু জানাতে পারেননি।পল্টন থানার ওসি শহীদুল হক বলেন, ডিপজলের অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।এদিকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ডিপজলের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।