ডিপিএস এসটিএস স্কুলের সিনিয়র শাখা শুরু
উত্তরার ১৫ নম্বর সেক্টরে ডিপিএস এসটিএস স্কুলের উচ্চমাধ্যমিক শাখার কার্যক্রম চালু হয়েছে। গতকাল সোমবার বিকেলে প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে এ শাখার উদ্বোধন করেন গৃহায়ণ ও গতপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
এসটিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মনির উদদীন তাঁর শুভেচ্ছা বক্তব্যে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সার্বিক শিক্ষার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এসটিএস গ্রুপ-২০০৯ সালে ভারতের শিক্ষাপ্রতিষ্ঠান দিল্লি পাবলিক স্কুল সোসাইটির সঙ্গে যৌথ উদ্যোগে উত্তরার ৬ নম্বর সেক্টরে ডিপিএস এসটিএস স্কুলের প্রথম শাখা প্রতিষ্ঠা করে। যাত্রা শুরুর পর থেকেই ক্রমবর্ধমান সাফল্য ও সার্বিক চাহিদার ওপর ভিত্তি করে সম্পূর্ণ নতুন পরিসরে স্মার্ট ক্লাসরুম, সুইমিং পুল, অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়াসহ অত্যাধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা নিয়ে প্রতিষ্ঠিত হয় নতুন সিনিয়র শাখাটি। যথাযথ শিক্ষা, সৃজনশীল কর্মকাণ্ড, খেলাধুলাসহ সার্বিক মানসিক বিকাশে ছাত্রছাত্রীদের জন্য একটি যুগোপযোগী প্রতিষ্ঠান গড়ে তোলাই ডিপিএস এসটিএস স্কুলের উদ্দেশ্য। পাশাপাশি স্বশিক্ষা ও মানবিকতা চর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি শুরু থেকেই সচেষ্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে এসটিএস গ্রুপের চেয়ারম্যান বব কুন্দনমাল, পরিচালক এম এ মইন, রাজউকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসটিএস গ্রুপের পরিচালক টিপু মুন্সী সমাপনী বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।