ডিপিডিসির কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের উপব্যবস্থাপক আতাউর রহমান খানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে এক কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ৮৬১ টাকার অতিরিক্ত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

আজ বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ অভিযোগপত্রের অনুমোদন দেওয়া হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন দুদকের উপসহকারী পরিচালক মেফতাহুল জান্নাত।

এ ছাড়া আজকের বৈঠকে গাজীপুরে সরকারি জমি দখলের অভিযোগে সাবেক ছয় সরকারি কর্মকর্তাসহ সাত ব্যক্তির বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্রের অনুমোদন দেওয়া হয়।

এই সাতজন হলেন গাজীপুরের সাবেক সহকারী কমিশনার (ভূমি) মো. খয়রব রহমান, গাজীপুর সদর পৌর ভূমি অফিসের দুই সাবেক ভূমি সহকারী কর্মকর্তা আবদুল লতিফ ও আবদুল হাই শিকদার, গাজীপুর সদরের উপজেলা ভূমি অফিসের সাবেক কানুনগো জহিরুল হক, একই অফিসের সাবেক নামজারি সহকারী রুহুল আমিন ও সাবেক অফিস সহকারী আবু সাহিদ এবং মো হারুন। এঁদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করে ১৮৫৬ নম্বর দাগের সরকারি জমির ২৬ শতাংশ জমি ব্যক্তি মালিকানায় নামজারি ও ভোগদখলের অভিযোগ রয়েছে।