ডিপিডিসির প্রি-পেইড মিটারের আওতায় আজিমপুর
বিদ্যুতের অপচয় ও গ্রাহক ভোগান্তি কমাতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) প্রি-পেইড মিটারিং ব্যবস্থাপনার আওতায় এসেছেন আজিমপুরের পাঁচ হাজার আবাসিক গ্রাহক।
গতকাল রোববার বিকেলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজিমপুর সরকারি কলোনির একটি বাসার প্রি-পেইড মিটারে কার্ড ঢুকিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ডিপিডিসির অর্থায়নে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিডেট প্রি-পেইড মিটার স্থাপনের এই প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রি-পেইড মিটারিং ব্যবস্থাপনার উদ্বোধন শেষে আজিমপুর কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় বক্তারা বলেন, এই ব্যবস্থায় বিদ্যুতের ভুতুড়ে বিল এবং বিল জমা-সংক্রান্ত ভোগান্তি থেকে গ্রাহকেরা মুক্তি পাবেন।
ডিপিডিসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তাপস কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ খাতে এতে বিদ্যুতের অপচয় কম হবে।