লালবাগ কেল্লায় ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎবিভ্রাটের ঘটনায় গতকাল শুক্রবার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) তিন কর্মকর্তাসহ ১০ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কর্মকর্তাদের মধ্যে তিনজন হলেন লালবাগ, স্বামীবাগ ও নারিন্দা বিভাগের তিন নির্বাহী প্রকৌশলী। বাকি সাতজন এ তিন এলাকার পরিচালন বিভাগের কর্মচারী। বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কমিটির সদস্য কারা, তা জানা যায়নি। ওই সময় এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করছিলেন। গতকাল সন্ধ্যায় পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালবাগ কেল্লার ওই অনুষ্ঠানে যাওয়ার পর বিদ্যুৎ চলে যায়। কর্মকর্তারা জানান, সাধারণভাবে এ রকম হওয়ার কথা নয়। এর পেছনে চক্রান্ত থাকতে পারে। তা ছাড়া অনুষ্ঠানস্থলে কোনো জেনারেটরও রাখা হয়নি। সাধারণত প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে জেনারেটরসহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়।