ডিপিপি ফেরত, অনিশ্চয়তায় উত্তর রাজশাহী সেচ প্রকল্প
বিস্তারিত নকশার ভিত্তিতে প্রকল্প প্রণয়ন না করায় প্রস্তাবিত ‘উত্তর রাজশাহী সেচ প্রকল্পের’ ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) ফেরত পাঠানো হয়েছে। এ খবরে রাজশাহীর মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা বলছেন, খোঁড়া অজুহাত দেখিয়ে প্রকল্পটি ফেরত পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিকল্পনা কমিশন থেকে মন্তব্য করা হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প পরীক্ষা করে দেখা যায়, বিস্তারিত নকশার ভিত্তিতে প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়নি। প্রকল্পটি বিস্তারিত নকশা অনুযায়ী না করায় এর নকশা ও ব্যয় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রকল্প বাস্তবায়নে অহেতুক জটিলতা সৃষ্টি হতে পারে। এ ছাড়া প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি। ৬ অক্টোবর কমিশন প্রকল্পের ডিপিপি ফেরত পাঠায়। সূত্র জানায়, উত্তর রাজশাহী সেচ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ভূ-উপরিস্থ পানি দিয়ে সেচব্যবস্থার উন্নয়ন, ভূগর্ভস্থ পানির নির্ভরতা কমিয়ে নদীর পানির সুষ্ঠু ব্যবহার, শস্য উৎপাদন বৃদ্ধি, আর্থসামাজিক ও পরিবেশের উন্নয়ন। পদ্মা ও মহানন্দা নদী থেকে পাম্পের সাহায্যে পানি তুলে খাল ও নালা দিয়ে বিস্তীর্ণ এলাকায় তা প্রয়োজনমতো সরবরাহ করার পরিকল্পনা ছিল উত্তর রাজশাহী সেচ প্রকল্পের মূল প্রস্তাবনা। প্রকল্পটি বাস্তবায়নের জন্য আন্দোলনকারী সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান প্রকল্পের ডিপিপি ফেরত পাঠানো প্রসঙ্গে বলেন, প্রকল্পটি প্রস্তুত, বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা, পানিবিজ্ঞান, ভূগর্ভস্থ পানিবিজ্ঞান, ভূ-উপরিস্থ পানিবিজ্ঞান, রিভার মারফলোজি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন বিভাগ নিখুঁতভাবে কাজ করছে। এখন এই প্রকল্পটি ফেরত পাঠানোর অর্থ খরাপীড়িত ও পিছিয়ে পড়া উত্তরাঞ্চলকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া। তিনি অবিলম্বে এ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। তিনি বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিবছর প্রায় আড়াই লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন বাড়বে। পাশাপাশি ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে সৃষ্ট বিপর্যয়ের হাত থেকে বরেন্দ্র অঞ্চলের পরিবেশ রক্ষা পাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক গোলাম সাব্বির সাত্তার তাপু বলেন, ‘আমরা এ প্রকল্পের বাস্তবতা বুঝেই দীর্ঘদিন থেকে প্রকল্পটি বাস্তবায়নের জন্য কাজ করছি। এখন এ প্রকল্পে ছোটখাটো কোনো ত্রুটি থেকে থাকলে তা দ্রুত সংশোধন করে বাস্তবায়ন করা উচিত।’ পানি উন্নয়ন বোর্ডের রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহতাব উদ্দিন বলেন, তিস্তা ব্যারাজের ক্ষেত্রে তাঁরা এভাবেই প্রাথমিক নকশা করে কাজ শুরু করেছিলেন। এ ক্ষেত্রেও এটা হতে পারে। তা ছাড়া বিস্তারিত নকশা প্রণয়নের জন্য আলাদা খরচ হবে। এ জন্য তো আর আলাদা ডিপিপি করা যায় না। রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বলেন, কোনো অশুভ স্বার্থে এ প্রকল্পের ডিপিপি ফেরত পাঠানো হয়েছে। সরকারের অবিলম্বে এ প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করা উচিত।