কনটেইনার পরিবহনকারী গাড়ির মালিক ও শ্রমিকদের কর্মবিরতির কারণে গতকাল সোমবার চট্টগ্রামের ১৬টি ডিপোতে সহস্রাধিক কনটেইনারভর্তি রপ্তানি পণ্য আটকা পড়েছে। গতকাল সকাল থেকে শুরু হওয়া এ কর্মবিরতি অব্যাহত থাকলে চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি পণ্য পরিবহন বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
পণ্য রপ্তানির স্বার্থে সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের দুটি সংগঠন। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী পৃথক চিঠিতে এ আহ্বান জানান।
মাহবুবুল আলম বলেন, কনটেইনার পরিবহনকারী গাড়ি না চললে রপ্তানি পণ্য পরিবহন বন্ধ হয়ে যাবে। আবার কনটেইনারসহ আমদানি করা পণ্যও বন্দর থেকে নেওয়া যাবে না। আমদানি ও রপ্তানি বাণিজ্য যাতে ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
কনটেইনার পরিবহনের গাড়ি মালিক ও শ্রমিকদের সংগঠন ‘চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদ’-এর ডাকে গতকাল সকাল আটটা থেকে কর্মবিরতি শুরু হয়। মহাসড়কে ওজন স্কেলে কনটেইনারবাহী গাড়ির চালকদের হয়রানি করার অভিযোগ এনে গত রোববার রাতে এ কর্মসূচি ডাকা হয়। এই সংগঠনের আওতাধীন আট হাজার গাড়িতে আমদানি-রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার আনা-নেওয়া করা হয়।
গতকাল সকালে কর্মবিরতি শুরুর পর পণ্যবোঝাই কনটেইনার চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়নি। তবে বন্দরে কনটেইনার খুলে কাভার্ড ভ্যানে পণ্য পরিবহনে কোনো ব্যাঘাত হয়নি। কনটেইনারে আসা আমদানি পণ্যের প্রায় ৬৫ শতাংশ কাভার্ড ভ্যানে পরিবহন করা হয়। তবে কর্মবিরতির কারণে বড় ক্ষতির মুখে পড়েছে রপ্তানি খাত। কারণ, সারা দেশের রপ্তানি পণ্যের ৯৫ শতাংশই বন্দরে নেওয়া হয় কনটেইনারবাহী এসব গাড়িতে করে।
বন্দরের একাধিক সূত্র জানায়, রপ্তানি খাতে যাতে বড় প্রভাব না পড়ে, সে জন্য আন্দোলনরত মালিক-শ্রমিকদের বুঝিয়ে কিছুসংখ্যক রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার ডিপো থেকে বন্দরে নেওয়া হয়েছে।
বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) সচিব রুহুল আমিন সিকদার গতকাল প্রথম আলোকে বলেন, কর্মবিরতির কারণে ১৬টি ডিপোতে সহস্রাধিক রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার আটকা পড়েছে। মঙ্গলবারের মধ্যে (আজ) এসব পণ্য জাহাজে তুলে দিতে না পারলে রপ্তানি বাধাগ্রস্ত হবে।
রপ্তানি পণ্য পরিবহনের প্রক্রিয়া অনুযায়ী, সারা দেশ থেকে কাভার্ড ভ্যানে পণ্য এনে চট্টগ্রামের ১৬টি কনটেইনার ডিপোতে রাখা হয়। এরপর সেখানে রপ্তানি পণ্য কনটেইনারে বোঝাই করা হয়। পরে প্রাইম মুভার ট্রেইলার গাড়িতে এসব কনটেইনার নেওয়া হয় বন্দরে। সেখান থেকে জাহাজে তুলে দেওয়া হয়। চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন অন্তত দেড় হাজার একক কনটেইনার রপ্তানি পণ্য পরিবহন হয়।
গত ১৬ আগস্ট সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক প্রজ্ঞাপনে গাড়িভেদে পণ্য পরিবহনের পরিসীমা বেঁধে দেয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কনটেইনার পরিবহনকারী গাড়ি মালামালসহ ৩৩ টন পর্যন্ত পণ্য পরিবহন করতে পারবে। এর বেশি হলে স্তরভেদে ২ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। গত শনিবার থেকে এ প্রজ্ঞাপন কার্যকর করা হয় বলে মালিক-শ্রমিকেরা জানান।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, গাড়ি ও কনটেইনারের ওজন বাদ দিলে প্রজ্ঞাপন অনুযায়ী ১৪ চাকার গাড়িতে সর্বোচ্চ ১৩-১৪ টন পণ্য পরিবহন করা সম্ভব।