ডিপোতে কাজ করতেই বেশি আগ্রহ মেঘনার কর্মচারীদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় তেল বিপণন প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে গত ২৪ এপ্রিল থেকে ৫ জুলাই পর্যন্ত দুই দফায় সাত কর্মচারীকে বিভিন্ন স্থানে বদলি করা হয়। এর মধ্যে চারজন নতুন জায়গায় যোগ দিলেও তিনজন ওই আদেশ না মেনে আগের জায়গাতেই রয়ে গেছেন। তাঁদের মধ্যে দুজন কর্মচারীকে ডিপো থেকে ঢাকা ও চট্টগ্রামে বদলি করা হলেও তাঁরা সেখানে না গিয়ে ডিপোতেই রয়ে গেছেন। কর্মচারীরা হলেন: চাঁদপুর ডিপোর প্রধান সহকারী মো. জামাল উদ্দিন, বরিশাল ডিপোর মাস্টার টেকনিশিয়ান বার্নাড রডরিক্স এবং ঢাকা আঞ্চলিক কার্যালয়ের সেকশন ফিটার এ কে এম ফিরোজ।২৪ এপ্রিল জামাল উদ্দিনকে চট্টগ্রাম প্রধান কার্যালয়ে, ৫ জুলাই বার্নাড রডরিক্সকে ঢাকার আঞ্চলিক কার্যালয়ে এবং একই তালিকার এ কে এম ফিরোজকে চট্টগ্রামে বদলি করা হয়। বদলি আদেশের এক থেকে চার মাস চলে গেলেও কর্মচারীরা কেন নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন না, জানতে চাইলে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আশরাফুজ্জামান বলেন, ‘আমি জানি না। বিষয়টি উপমহাব্যবস্থাপক মীর ছাইফুল্লাহ-আল-খালেদ বলতে পারবেন। তাঁকে জিজ্ঞেস করুন।’ছাইফুল্লাহ-আল-খালেদ বলেন, ‘সাত কর্মচারীর মধ্যে ওই তিনজন কেন যোগ দেননি, তা আমাদের কাছে স্পষ্ট নয়।’ তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘হবে। যখন হবে, আপনারা নিশ্চয়ই জানতে পারবেন।’ অভিযোগ রয়েছে, ডিপোতে দায়িত্ব পালনের সময় পরিমাণের চেয়ে অতিরিক্ত তেল দেওয়ার নামে ডিলারদের কাছ থেকে নানাভাবে আর্থিক সুবিধা নেন কিছু কর্মচারী। এ জন্য তাঁরা একবার ডিপোতে যোগ দিতে পারলে তা আর ছাড়তে চান না। এ ক্ষেত্রে কিছু শ্রমিকনেতাও তাঁদের সহায়তা করে থাকেন। ২৪ এপ্রিল মো. জামাল উদ্দিনসহ মোট চারজনকে বিভিন্ন স্থানে বদলি করা হয়। কিন্তু অন্য তিনজন নতুন কর্মস্থলে গেলেও জামাল উদ্দিন রয়ে যান চাঁদপুর ডিপোতে। খোঁজ নিয়ে জানা যায়, ইতিপূর্বে কিশোরগঞ্জে চাকরি করার সময় জামাল উদ্দিনের বিরুদ্ধে ভৈরবের এক ডিলারের কাছ থেকে দুই লাখ ৮০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে। মো. ইমামুল হুদা নামের ওই ডিলার পরবর্তী সময়ে চট্টগ্রাম মহানগর পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ করেন।২০১০ সালের ২২ মার্চ বন্দর এলাকার সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ নাঈমুল হাছান উভয় পক্ষের বক্তব্য নিয়ে বন্দর এলাকার পুলিশের উপকমিশনারের কাছে একটি প্রতিবেদন দেন। তাতে ইমামুল হুদার কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে পর্যায়ক্রমে তা পরিশোধের প্রতিশ্রুতি দেন মো. জামাল উদ্দিন। কিন্তু পরবর্তী সময়ে আর সেই টাকা তিনি পরিশোধ করেননি। এ প্রসঙ্গে জামাল উদ্দিন বলেন, ‘পারিবারিক আর্থিক সমস্যার কারণে ইমামুল হুদার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম। ইতিমধ্যে ১০ হাজার টাকা পরিশোধও করেছি। আর্থিক সংগতি না থাকায় বাকি টাকা পরিশোধ করতে পারছি না।’নতুন কর্মস্থলে যোগ না দেওয়ার ব্যাপারে কোনো কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। অন্য দুই কর্মচারী বার্নাড রডরিক্স এবং এ কে এম ফিরোজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।