ডিপ্লোমা কৃষিবিদদের দশম স্কেলে বেতনের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ও রংপুরের বদরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদদের দশম স্কেলে বেতনের দাবিতে গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের চিলমারী ও বদরগঞ্জ শাখার উদ্যোগে এ স্মারকলিপি দেওয়া হয়।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন চিলমারী উপজেলা শাখার সভাপতি মো. গওছল আজম আমিন ও সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা কৃষিবিদ উপসহকারী কৃষি কর্মকর্তা পদধারীরা চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। তা সত্ত্বেও কৃষিবিদেরা দশম গ্রেডে বেতন স্কেল থেকে বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছেন। অবিলম্বে তাঁরা ডিপ্লোমা কৃষিবিদদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার পদমর্যাদাসহ দশম গ্রেডে বেতন স্কেল প্রদানের দাবি জানান। স্মারকলিপি দেওয়ার সময় চিলমারীর ডিপ্লোমা কৃষিবিদ উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বদরগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) কমল কুমার ঘোষের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওই স্মারকলিপি দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের বদরগঞ্জ শাখার সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সংগঠনের রংপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক কনক চন্দ্র রায় প্রমুখ।