ডিপ্লোমা শিক্ষকদের পাঠদানে স্নাতক ডিগ্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিগ্রি দেওয়া হচ্ছে স্নাতক প্রকৌশলের। আর পাঠদান করছেন ডিপ্লোমা প্রকৌশলের শিক্ষকেরা। হাতে-কলমে শিক্ষা দেওয়ার জন্য গবেষণাগারগুলোতে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতি। কিন্তু তা পরিচালনার প্রয়োজনীয় জনবল নেই। যন্ত্রপাতিতে জমেছে ধুলো-ময়লার স্তর। এই হচ্ছে প্রায় শতবর্ষী ছুঁই ছুঁই পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অবস্থা।
শিক্ষার্থীদের অভিযোগ, ডিপ্লোমা শিক্ষকেরা বিভিন্ন কৌশল করে এমন একটি চক্র গড়ে তুলেছেন, যেখানে নতুন স্নাতক পর্যায়ের শিক্ষক আসতে পারছেন না।
পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় গড়ে উঠেছে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। ১৯১৫ সালে সরকারি উইভিং স্কুল হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। এরপর ১৯৮০ সালে এটির নামকরণ হয় ‘জেলা টেক্সটাইল ইনস্টিটিউট’। ১৯৯৪ সাল থেকে এখানে চালু করা হয় টেক্সটাইল ডিপ্লোমা কোর্স। ২০০৬ সাল থেকে ‘ওয়েট প্রসেসিং’, ‘ফেব্রিক ম্যানুফ্যাকচারিং’, ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং’ ও ‘ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং’—এই চারটি বিষয়ে স্নাতক কোর্স খোলা হয়। তবে এর মধ্যে প্রথম দুটি কোর্স চালু হয়েছে। এখন বেশ কয়েকটি নতুন ভবন নির্মাণের কাজও চলছে।
এখন প্রায় সাড়ে তিন শ শিক্ষার্থী রয়েছেন কলেজে। প্রতিষ্ঠানটিতে নেই কোনো নিজস্ব ছাত্রাবাস। পরিবহনব্যবস্থাও নেই। শিক্ষার্থীরা নিজ ব্যবস্থাপনায় পাবনা শহরের বিভিন্ন এলাকায় মেস করে থাকেন।
কলেজটিতে সাতজন ডিপ্লোমা শিক্ষক ক্লাস নিচ্ছেন। মাঝেমধ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমন্ত্রণ করে এনে ক্লাস করানো হয়। কয়েকজন শিক্ষার্থী জানালেন, এভাবেই জোড়াতালি দিয়ে তত্ত্বীয় বিষয়ের ক্লাসগুলো চলছে।
ব্যবহারিক ক্লাসগুলোর অবস্থা আরও করুণ। দক্ষ টেকনিশিয়ানের অভাবে ব্যবহারিক ক্লাস বলতে গেলে হয় না। যাঁরা আছেন, তাঁরা ছোটখাটো কিছু যন্ত্রপাতি চালানো ছাড়া ভারী যন্ত্র চালাতে অপারগ। ফলে অনেকটা মুখস্থবিদ্যায় ভর করে কোর্স শেষ করছেন শিক্ষার্থীরা। রিয়াজুল মোস্তফা, রাজ্জাকুল হায়দার, মিঠু সাহাসহ কয়েকজন শিক্ষার্থী আক্ষেপ করে বলছিলেন, তাঁরা ভর্তি পরীক্ষার সময় বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন। তবে বিষয় পছন্দ না হওয়ায় ভেবেছিলেন নিজের অঞ্চলে যেহেতু টেক্সটাইল প্রকৌশলের কর্মসংস্থানের ভালো সুযোগ রয়েছে, তাই এখানেই ভর্তি হওয়া ভবিষ্যতের জন্য ভালো হবে। কিন্তু ভর্তি হয়ে বাস্তবে দেখছেন একূল-ওকূল দুকূল হারানোর অবস্থা তাঁদের। এটি আসলে নামেই বিএসসি প্রকৌশলের কলেজ। প্রকৃত পক্ষে অবস্থাটি ডিপ্লোমা প্রকৌশলের চেয়ে ভিন্নতর কিছু নয়।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক নিয়োগ না করেই এখানে ডিগ্রি কোর্স চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকৃত পক্ষে ডিপ্লোমা শিক্ষকদের ডিগ্রি পর্যায়ে পড়ানোর সামর্থ্য নেই। আর এখানকার শিক্ষকদেরও সিন্ডিকেট করে শিক্ষক নিয়োগ-প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সুযোগ নেই। কারণ, এটি সরকারি প্রতিষ্ঠান। শিক্ষক নিয়োগ একটি দীর্ঘ প্রক্রিয়া। অনেক দিন থেকে শিক্ষক নিয়োগ না করায় মানুষের মনে ভুল ধারণা সৃষ্টি হয়েছে।’
অধ্যক্ষ জানান, শিক্ষক না থাকায় গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ও ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং—এই দুটি কোর্স চালু করা যায়নি। তবে সম্প্রতি ২৫টি শিক্ষক পদ সৃষ্টি করা হয়েছে। নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন হতে আরও বছর খানেক লেগে যাবে বলে তিনি জানান।