ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চান না শিক্ষার্থীরা
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পুনরায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ডিপ্লোমা কোর্স চালু না করার দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাসে না গিয়ে ক্যাম্পাসের মাঠে সমবেত হতে থাকেন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা শহরে যান। মিছিল থেকে দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা শহরের আবদুল হামিদ সড়কের প্রেসক্লাব মোড়ে মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, দাবি না মানা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
শিক্ষার্থীরা বলেন, কলেজটিতে ২০০৬ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স বন্ধ করে দিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করা হয়। কিন্তু দীর্ঘদিনেও এ কোর্স পড়ানোর মতো পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে ২২ জন ডিপ্লোমা শিক্ষক ও মাত্র চারজন বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষক তাঁদের পড়াচ্ছেন। ফলে শিক্ষার্থীরা নানা সমস্যা নিয়েই কোর্স শেষ করছেন।
অনেক শিক্ষার্থী অভিযোগ করেন, ডিপ্লোমার শিক্ষকেরা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্লাস নিতে পারছেন না। তাঁরা প্রাইভেট পড়াতে পারছেন না। তাই তাঁরা পুনরায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওই শিক্ষকেরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তদবিরও করেছেন। চার দিন আগে শিক্ষকেরা তাঁদের জানান, পাট ও বস্ত্র মন্ত্রণালয় দেশের সব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পুনরায় ডিপ্লোমা কোর্স চালুর উদ্যোগ নিচ্ছে।
শিক্ষার্থীরা বলেন, যেখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সই ঠিকমতো পড়ানো হচ্ছে না সেখানে পুনরায় ডিপ্লোমা কোর্স চালু করলে শিক্ষার মান পড়ে যাবে। অধ্যক্ষ শিব শঙ্কর চক্রবর্তী বলেন, ডিপ্লোমা কোর্স চালুর সিদ্ধান্তটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কিছু করার নেই। কোনো সিদ্ধান্ত দিলে তা মন্ত্রণালয়কেই দিতে হবে।