ডিপ্লোমা ডিগ্রিধারীদের নামের আগে প্রকৌশলী লেখা গ্রহণযোগ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৌশল বিদ্যায় ডিপ্লোমা ডিগ্রিধারীদের নামের আগে প্রকৌশলী লেখা গ্রহণযোগ্য নয়। ডিপ্লোমাধারীদের স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ আছে। তাঁরা এ ডিগ্রি অর্জন করে সরাসরি সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পেতে পারেন।
গতকাল মঙ্গলবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) আয়োজিত ‘জাতীয় উন্নয়ন ও কর্মসংস্থানে প্রকৌশল ও কারিগরি শিক্ষা’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এ কথা বলেন। আইইবির মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। আলোচকেরা বলেন, স্নাতক ডিগ্রি নেওয়ার পরও মেধার কদর করা হচ্ছে না বলেই প্রকৌশলীরা বিদেশে চলে যাচ্ছেন। অন্যদিকে প্রকৌশল ডিগ্রি যাঁরা অর্জন করেননি, তাঁদের নামের আগেও প্রকৌশলী লেখা হচ্ছে যা অবমাননাকর। সেমিনারের প্রধান অতিথি আইইবির প্রাক্তন প্রেসিডেন্ট অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ডিপ্লোমা ডিগ্রিধারীদের নামের আগে প্রকৌশলী লাগানো সঠিক নয়। কারণ, তাঁরা ডিগ্রি নেন টেকনোলজিস্ট হিসেবে। সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির ভাইস প্রেসিডেন্ট খান মনজুর মোরসেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সাবেক উপাচার্য প্রকৌশলী ফজলে ইলাহী। বিশেষ অতিথি ছিলেন আইইবির প্রেসিডেন্ট এম শামীম উজ জামান বসুনিয়া।