ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা কমেনি জানাল আইডিইবি
সরকার ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে নামায়নি। তাঁদের পদমর্যাদা আগের অবস্থানেই আছে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের নাম পরিবর্তন করে ডিপ্লোমা ইন টেকনিশিয়ান করাও হয়নি।ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ কথা জানান।শামসুর রহমান বলেন, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বুধবার সড়ক অবরোধ করে যে বিক্ষোভ দেখায় তা নিছক গুজবের কারণে করা হয়। শিক্ষার্থীরা ভুল তথ্য জেনে আন্দোলন করেছে। আইডিইবির নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘সরকার ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা কমানোসংক্রান্ত কোনো আদেশ বা প্রজ্ঞাপন জারি করেনি। আমাদের আশা, সরকার ভুলেও এ ধরনের ভুল করবে না। করলে আমরাই ভয়াবহ আন্দোলন শুরু করব।’ছাত্রছাত্রীদের ‘বিভ্রান্তিকর সংবাদে’ উত্তেজিত না হয়ে লেখাপড়ায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছে আইডিইবি।এদিকে ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদার অবনমন এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের নাম পরিবর্তন করার গুজবে গতকাল বগুড়া, কক্সবাজার, মাগুরা ও পাবনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর মধ্যে বগুড়া, মাগুরা ও কক্সবাজারে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। উদ্ভূত পরিস্থিতিতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ ২৮ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘কোর্সের নাম বদল ও পদমর্যাদা কমানোর বিষয়ে কোনো নির্দেশনা পাইনি। শিক্ষার্থীরা ভুল তথ্য জেনে বিক্ষোভ করেছে।’একই ধরনের কথা বলেন বগুড়া পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোন্দকার গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘আমি ঊর্ধ্বতন মহলে খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি, সরকার ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে নামানোর কোনো সিদ্ধান্ত নেয়নি।’ [প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ও বগুড়া, পাবনা অফিস এবং বগুড়া ও মাগুড়া প্রতিনিধি]