ডিপ্লোমা প্রকৌশলীদের মর্যাদা পরিবর্তন হয়নি তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে সংঘটিত ঘটনার কারণ অনুসন্ধান এবং এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে। গতকাল শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আতোয়ার রহমানের নেতৃত্বে তিন সদস্যের ওই কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিঞা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) মো. আবদুর রেজ্জাক। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী এই কমিটি গঠনের নির্দেশ দেন। ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা পরিবর্তন করা হয়েছে মর্মে ভুল তথ্যের ভিত্তিতে বুধ ও বৃহস্পতিবার দেশের বেশ কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে ছাত্ররা সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করে। গতকাল শুক্রবারও বিভ্রান্তির জের কাটেনি, কিছু এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাতে সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, সরকার ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে নামায়নি। তাঁদের মর্যাদা আগের অবস্থানেই রয়েছে। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকেও একই বক্তব্য দিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীর প্রতি আহ্বান জানানো হয়। প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি জানান, ছাত্রবিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় গোপালগঞ্জের চন্দ্রদিঘলীয়া পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রংপুরের নিজস্ব প্রতিবেদক জানান, রংপুরে গতকাল শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষে পলিটেকনিট ইনস্টিটিউটের ৩০ শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৩৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।