ডিপ্লোমা বেকার নার্সদের অনশন চলছেই
ডিপ্লোমা বেকার নার্সদের অনশন কর্মসূচির চতুর্থ দিন গতকাল শুক্রবারও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাওয়া যায়নি। অনশন পালনরত নার্সদের মধ্যে নারীরা বেশ দুর্বল হয়ে পড়েছেন। তাঁরা কেউ কেউ শিশুসন্তান নিয়ে আসায় অনেকে অসুস্থ হয়ে পড়েছে।ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগে প্রধানমন্ত্রীর ঘোষণা উপেক্ষা করে জেলা কোটা অনুসরণের প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন এ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। গতকালও কয়েকজন নার্স অসুস্থ হয়ে পড়েন। আগে অনশনরত একজনকে হাসপাতালে নেওয়া হয়। তিনি কিছুটা সুস্থ হয়ে আবার কর্মসূচিতে যোগ দিয়েছেন।অ্যাসোসিয়েশনের সভাপতি তাছলিমা বেগম বলেন, ‘দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। এতে যদি মরতে হয় তো মরব। এভাবে বেঁচে থেকে কী লাভ?’ অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. ইকবাল হোসেন বলেন, ‘১২ বছর চাকরির জন্য বসে থাকার পর শুধু জেলা কোটার জন্য অনেকে চাকরি পাবে না, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আর এ ধরনের ন্যক্কারজনক ঘটনা এর আগে ঘটেনি।’ নার্সদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি চাকরি পাওয়ার আশায় গত ১০ বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছেন ডিপ্লোমা নার্সরা। ১৯৯৮ সালে এবং এরপর অনেকে পাস করেছেন। পাস করা এ ধরনের নার্সের সংখ্যা প্রায় ১০ হাজারে দাঁড়িয়েছে। সরকারের জারি করা নিয়ম অনুযায়ী তাঁদের চাকরি হওয়ার কথা ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে।