ডিপ্লোমা বেকার নার্সদের অনশনে পুলিশি হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় শহীদ মিনারে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত আমরণ অনশন কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতারা।গতকাল মঙ্গলবার অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত এই কর্মসূচিতে পুলিশ সংগঠনের নারী সদস্যদের শারীরিক নির্যাতনও করেছে বলে সংগঠনের নেতারা দাবি করেছেন। এ কারণে শহীদ মিনার এলাকা ত্যাগ করে তাঁরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিতে বাধ্য হন। তবে পুলিশ হামলা চালানোর ঘটনা অস্বীকার করেছে।ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের প্রধানমন্ত্রীর ঘোষণা উপেক্ষা করে গোপনে জেলা কোটা অনুসরণ করার উদ্যোগ নেওয়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়।সংগঠনের মহাসচিব ইকবাল হোসেন প্রথম আলোকে জানান, মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করে কর্মসূচি পালনের অনুমতি নেওয়া হয়। কিন্তু ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করার অজুহাতে পুলিশ কর্মসূচিতে বাধা দেয়। পরে সামনে রাস্তার পাশে বসতে গেলে পুলিশ সংগঠনের কর্মীদের ওপর হামলা চালায়।দুপুরে জাতীয় জাদুঘরের সামনে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, শহীদ মিনারে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। অনশন কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার জন্যই পুলিশ সেখানে যায়। তবে সংগঠনের কর্মীরা শহীদ মিনারের সামনের রাস্তা দখল করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশ কমিশনারের কাছ থেকে লিখিত অনুমতির বিষয়ে তিনি বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে যে অনুমতিপত্র দেওয়া হয়, সংগঠনের নেতারা তা দেখাতে পারেননি।