ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

বগুড়ায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বা ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা ও গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিডিএমএসএ)। ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীরা বলছেন, ম্যাটস শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে পুলিশ হামলা করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল রোববার বেলা ১১টায় এ মানববন্ধনে বিডিএমএসএর সভাপতি মুরাদ হোসেন বলেন, গত ২৬ এপ্রিল চার দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ম্যাটস শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় নোয়াখালী, বাগেরহাট, বগুড়া ও রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ হামলা চালায়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এখনো ৪৫ জন হাসপাতালে ভর্তি আছেন, যাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
মানববন্ধন থেকে তুলে ধরা দাবিগুলো হলো ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা, শিক্ষানবিশকালে ভাতা দেওয়া, মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করা এবং কমিউনিটি ও বেসরকারি ক্লিনিকে সরকারিভাবে ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া।