ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে মাহমুদুর রহমানকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আরাফাত প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার তথ্য পাওয়ায় এ ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে ১০ দিনের রিমান্ডে নিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করা হয়। ২৫ এপ্রিল শুনানির ধার্য তারিখে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ দুপুরে কাশিমপুর কারাগার থেকে মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়।
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গত বছরের আগস্টে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়। ১৬ এপ্রিল ডিবি নিউ ইস্কাটন গার্ডেনের বাসা থেকে এই শফিক রেহমানকে আটক করে। পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পল্টন থানার পুলিশ। সেদিনই তাঁকে ওই মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। সাংবাদিক শফিক রেহমানের তথ্যের ভিত্তিতে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।