নারায়ণগঞ্জের বন্দর থানার কোয়ার্টারে বিস্ফোরণে উপপরিদর্শক (এসআই) শাহজাহানের মৃত্যুর ঘটনায় গতকাল শনিবার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে তাঁর স্বজনদের বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে।ডিবি সূত্র জানায়, পুলিশের দায়ের করা অপমৃত্যুর মামলায় গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শাহজাহানের স্বজনদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করে তাঁদের বক্তব্য ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় লিপিবদ্ধ করা হয়। জিজ্ঞাসাবাদের পর শাহজাহানের ভাই ফরিদ আহমেঞ্চদ বলেন, জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তিনি এবং শাহজাহানের স্ত্রী লায়লা সাজু, ছেলে শুভ্র, ভাতিজি জামাই শরিফুল ইসলাম, ভাতিজা মাসুম মিয়া, শ্যালক আবুল হোসেন খান ও আবদুল্লাহ আল-আমিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেঞ্চদ বলেন, বন্দর থানায় দায়ের হওয়া অপমৃত্যুর মামলাটি গোয়েন্দা পুলিশে হস্তান্তর করায় শাহজাহানের সাত স্বজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত ১৩ ডিসেম্বর রাতে বন্দর থানার কোয়ার্টারে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ এসআই শাহজাহান চার দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। মৃত্যুর আগে শাহজাহান তাঁর ওপর হামলার জন্য থানার ওসি ও দ্বিতীয় কর্মকর্তাকে দায়ী করে বক্তব্য দেন।জেলা পুলিশের গঠন করা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, মদ্যপ অবস্থায় আগুনে তাপ পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে শাহজাহানের মৃত্যু হয়েছে। পুলিশের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে শাহজাহানের পরিবার গত ২৩ ডিসেম্বর আদালতে ওসি নূর মোহামঞ্চদ ও দ্বিতীয় কর্মকর্তা বিনয় কৃষ্ণ করসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে হত্যা মামলা দায়েরের আবেদন করেন। পরে আদালত ময়নাতদন্তের প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন।থানার ওসি নূর মোহামঞ্চদকে প্রত্যাহার এবং এর আগে দ্বিতীয় কর্মকর্তা বিনয় কৃষ্ণ করকে বদলি করা হয়। একই সঙ্গে মামলাটি জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, শাহজাহানের পাকস্থলীতে মদ পাওয়া গেছে।শাহজাহানের ভাই ফরিদ বলেন, ‘এখানে পরিষ্কার যে, কাউকে বাঁচানোর জন্য মনগড়া এসব প্রতিবেদন দেওয়া হয়েছে। আমরা এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করছি।’