ডিবি পরিচয়ে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম গালিব ইমতিয়াজকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েক ব্যক্তি ধরে নিয়ে গেছেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট থেকে তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ করা হয়।

গালিব বিশ্ববিদ্যালয়ের ৩২তম ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী। বহিষ্কৃত হওয়ায় তাঁর স্নাতক পরীক্ষার ফল স্থগিত রয়েছে।

গালিবের অপহরণের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. জাকিরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের কর্মী আজমল হোসেন লিখিত বক্তব্যে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গালিবসহ ছাত্রদলের আট নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের পাশে গকুলনগর উচ্চবিদ্যালয় মাঠে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। সন্ধ্যা সাতটার দিকে সশস্ত্র কয়েকজন ব্যক্তি গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিচয়ে শুধু গালিবকে ধরে নিয়ে যান। এ ব্যাপারে সাভার ডিবি, আশুলিয়া ও সাভার থানায় যোগাযোগ করা হলে দায়িত্বরত ব্যক্তিরা বিষয়টি জানেন না বলে দাবি করেন। তা ছাড়া, এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চাইলেও আশুলিয়া থানার পুলিশ গ্রহণ করেনি। সংবাদ সম্মেলনে দ্রুত গালিবের সন্ধান ও মুক্তি দাবি করা হয়। যোগাযোগ করা হলে সাভার অঞ্চলে ডিবির পরিদর্শক ওহিদুজ্জামান বলেন, তাঁদের কেউ গালিবকে আটক করেননি।