ডিবি পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ডিবি পরিচয়ে শুকুর আলী নামের এক চামড়া ব্যবসায়ীর বিপুল পরিমাণ অর্থ ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি রহস্যজনক।
স্থানীয় দুলালমন্দিয়া বাজারের চামড়া ব্যবসায়ীরা জানান, তাঁরা ব্যবসায়ী শুকুর আলীকে চেনেন। গতকাল শনিবার সকাল সাতটার দিকে তিনি ফরিদপুর থেকে ব্যক্তিগত গাড়িতে করে চামড়া কেনার জন্য যশোরের রাজারহাটে যাচ্ছিলেন। কালীগঞ্জের কেয়াবাগান-রঘুনাথপুর এলাকার মাঝামাঝি স্থানে একটি মাইক্রোবাস শুকুর আলীর গাড়ির সামনে এসে দাঁড়ায়। এরপর মাইক্রোবাসে থাকা ছয়-সাতজন লোক ডিবি পরিচয় দিয়ে তাঁদের গাড়িতে অবৈধ মাল আছে বলে তল্লাশি শুরু করে। একপর্যায়ে তারা গাড়িতে থাকা চামড়া কেনার ৪৭ লাখ ১০ হাজার টাকার একটি ব্যাগ ও গাড়ির চাবি নিয়ে নেয় এবং শুকুর আলীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যশোরের সাতমাইল নামক স্থানে ফেলে চলে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দীন মোল্লা গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, ঘটনাটা রহস্যজনক বলে মনে হচ্ছে। এখনো কেউ অভিযোগ করেননি।