ডিবি পরিচয়ে কলেজছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মেহেদী হাসান ওরফে রুয়েল নামে এক কলেজছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মেহেদীর পরিবার এ অভিযোগ করে।
সংবাদ সম্মেলনে মেহেদীর পরিবার জানায়, পরিবারের সঙ্গে মেহেদী রাজধানীর দক্ষিণখানের প্রেমবাগান মোড়ে থাকেন। তিনি তিতুমীর কলেজের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র। গত ২৬ ফেব্রুয়ারি বেলা সোয়া দুইটার দিকে তিনি শুভ নামে তাঁর কলেজের এক ছোট ভাইকে নিয়ে যমুনা ফিউচার পার্কে যান। সেখান থেকে ডিবি পরিচয়ে একদল লোক মেহেদী ও শুভকে গাড়িতে তোলে। এরপর শুভকে বিমানবন্দর এলাকায় নামিয়ে দিয়ে মেহেদীকে নিয়ে চলে যায়।
মেহেদীর ছোট ভাই মাইদুল হাসান জানান, তুলে নিয়ে যাওয়ার ঘটনা তাঁরা শুভ ও ফিউচার পার্ক এলাকার বিভিন্নজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন। তবে এখন শুভর মুঠোফোন সংযোগ বন্ধ। তাঁর বাসা দক্ষিণখানে হলেও পূর্ণাঙ্গ ঠিকানা তাঁরা জানেন না।
মাইদুল জানান, ঘটনার পরপরই তাঁরা রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়ে খোঁজ নিয়েছেন। ওখানকার লোকজন ওই নামে কাউকে ধরেননি বলে জানিয়েছেন। এ ঘটনায় খিলক্ষেত থানায় জিডি করা হয়েছে।
মেহেদী রাজনীতি করতেন কি না, প্রশ্নের জবাবে মাইদুল জানান, তিতুমীর কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে কিছুটা জড়িত ছিলেন। তবে তেমন সক্রিয় নন। তাঁর বিরুদ্ধে কোনো মামলাও নেই।