ডিবি পরিচয়ে গুলি করে নয় লাখ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোনের এক বিক্রয় প্রতিনিধির পায়ে গুলি করে প্রায় সাড়ে নয় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার বেলা একটার দিকে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শাহীন মাহমুদকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জে গ্রামীণফোনের পরিবেশক প্লামি ফ্যাশনসের কর্মী। এর আগে গত বছরের ২২ অক্টোবর ডিবি পুলিশ পরিচয় দিয়ে একই প্রতিষ্ঠানের কর্মী সামসুল হক সরকারকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে অপহরণ করে সাড়ে চার লাখ টাকা ছিনতাই করা হয়। ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হলেও পুলিশ কাউকে ধরতেও পারেনি, টাকাও উদ্ধার করতে পারেনি।
পাঁচ মাসের ব্যবধানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একই প্রতিষ্ঠানের দুই বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নারায়ণগঞ্জের ব্যবসায়ী মহলে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর একটার দিকে প্লামি ফ্যাশনসের বিক্রয়কর্মী শাহীন মাহমুদ ও মো. রিয়াজুল ইসলাম রিকশায় করে শিমরাইল মোড়ে আসছিলেন। মাদানীনগরে একটি প্রাইভেট কার তাঁদের রিকশার সামনে এসে দাঁড়ায়। প্রাইভেটকার থেকে সাদাপোশাকের তিন ব্যক্তি নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইয়াবা ব্যবসায়ী বলে গালিগালাজ শুরু করেন এবং তাঁদের সঙ্গে থাকা টাকার দুটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে শাহীনের দুই পায়ে পাঁচটি গুলি লাগে। পরে ছিনতাইকারীরা দুটি ব্যাগ ও তিনটি মুঠোফোন ছিনিয়ে চলে যান। ওই ব্যাগে নয় লাখ তিন হাজার টাকা ও ২৫ হাজার টাকার ক্যাশকার্ড ছিল। পরে আশপাশের লোকজন গুলিবিদ্ধ শাহীনকে উদ্ধার করে প্রথমে শিমরাইল মোড়ে অবস্থিত একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।