ডিবি পরিচয়ে চামড়াবোঝাই গাড়ি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় গত বুধবার দিবাগত রাতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের পরিচয়ে চামড়াবোঝাই একটি পিকআপ ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
চামড়া ব্যবসায়ী আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, বুধবার ঈদের দিন রাতে রূপগঞ্জের গাউছিয়া থেকে একটি পিকআপ ভ্যানে ছয় লাখ টাকার চামড়া বোঝাই করে ঢাকায় নেওয়া হচ্ছিল। রাত তিনটার দিকে বরপা এলাকায় পৌঁছালে একটি ব্যক্তিগত গাড়ি পিকআপের গতিরোধ করে। এ সময় সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি তল্লাশি করার কথা বলেন। তাঁদের হাতে ছিল হাতকড়া, পুলিশের সংকেত বাতি, পিস্তল, লাঠি ও বাঁশি। তাঁরা আমজাদের প্রতিনিধি শাহিন ও নাবেলকে চামড়া পাচারকারী আখ্যায়িত করে হাতকড়া পরান। আটক করেন পিকআপের শ্রমিক কাশেমকে।
আমজাদ জানান, চেতনা ফিরলে বৃহস্পতিবার ভোরে শাহিন ও নাবেল নিজেদের সোনারগাঁ উপজেলার মদনপুরের একটি নির্জন স্থানে দেখতে পান। দুজনকে মদনপুরের একটি হাসপাতালে ও কাশেমকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মীর বলেন, ‘চামড়া ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’