ডিবি পরিচয়ে জমিয়ত নেতাকে খেঁাজাখুঁজির অভিযোগ
জমিয়তে উলামায়ে ইসলাম অভিযোগ করেছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পোশাকে একদল সশস্ত্র ব্যক্তি কয় দিন ধরে দলের কেন্দ্রীয় সহসভাপতি আবদুর রব ইউসুফীকে খোঁজাখুঁজি করছেন। তাঁর জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
জমিয়তের কেন্দ্রীয় সভাপতি শায়েখ আবদুল মোমিন, নির্বাহী সভাপতি মোস্তফা আজাদসহ নয়জন কেন্দ্রীয় নেতা গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ওই অভিযোগ করে এ উদ্বেগ প্রকাশ করেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটের শরিক দল। দলটির নেতারা মনে করছেন, সম্প্রতি শায়খুল হাদীসের দল বাংলাদেশ খেলাফত মজলিস থেকে জমিয়তে যোগ দেওয়া ছাড়া এমন কোনো ঘটনা ঘটেনি যে ইউসুফীকে গোয়েন্দা পুলিশ খুঁজতে পারে।
আবদুর রব ইউসুফী বলেন, ৫ ও ৬ মে দুই দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে একদল ব্যক্তি রাজধানীর রামপুরার উলন সড়কে জামেয়া ইসলামিয়া জাকারিয়া মাদ্রাসা এবং ওই এলাকায় তাঁর বাসায় তল্লাশি চালায়। এ সময় ভীতি ছড়ানো হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ডিবি পুলিশের এ ধরনের কোনো অভিযান বা তল্লাশির খবর তাঁদের জানা নেই।