চট্টগ্রামের মিরসরাইয়ে গত শুক্রবার রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের একজন সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের ভূঁইয়াপাড়া গ্রামের আবু তালেবের ছেলে মো. লিয়াকত (২০)। অন্যজন নোয়াখালীর চরবাটা এলাকার মো. সাদ্দাম (২৮)। দুজনেই সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মধ্য সোনাইছড়ি গ্রামের বারআউলিয়া এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।
সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, পরিচয় শনাক্ত হওয়া দুজনের লাশ রোববার বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্ত না হওয়া অন্যজনের লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন্দুকযুদ্ধের পর র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (জনসংযোগ) চন্দন দেবনাথ সাংবাদিকদের বলেছিলেন, শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে র্যাবের সদস্যরা মাইক্রোবাসে করে ফেনী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের মধ্যম ওয়াহেদপুর এলাকায় ডাকাতদের কবলে পড়েন। সাত থেকে আটজনের একটি ডাকাত দল বাঁশ ফেলে মহাসড়কে গতি রোধ করে। র্যাবের সদস্যরা গাড়ি থেকে নামার পর তাঁদের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনজন মারা যায়।
অবশ্য নিহত লিয়াকতের মা জাহানারা বেগম গতকাল সোমবার প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর ছেলেকে গত ২১ অক্টোবর দুপুরে বারআউলিয়ার ভাড়া বাসা থেকে ডিবি পরিচয়ে ১০-১২ জন লোক তুলে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে তখন লিয়াকতের মুঠোফোনে ফোন করেন সাদ্দাম। পরে ডিবি পরিচয় দেওয়া লোকজন কৌশলে সাদ্দামকেও সেখানে ডেকে নিয়ে আসে। তিনি বলেন, দুজনকে ছেড়ে দেবে—দুই দিন এমন আশায় ছিলেন তাঁরা। ফিরে না আসায় সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান তাঁরা। কিন্তু জিডি না নিয়ে ডিবি পুলিশের চট্টগ্রাম কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দেয় থানার পুলিশ। পরে তাঁরা সেখানেও যান। ডিবি দুজনকে ধরেনি বলে তাঁদের জানানো হয়।
জাহানারা বেগম বলেন, ছেলেটি সাত দিন আটক থাকার পর কীভাবে ডাকাতি করতে গেল, তা বুঝতে পারছেন না তাঁরা। ছেলের বিরুদ্ধে মামলা আছে জানিয়ে তিনি বলেন, ‘এভাবে আমার বুক খালি হয়ে যাবে, তা কোনো দিনও ভাবিনি।’
লিয়াকতের স্ত্রী সুলতানা সেতারা বলেন, দীর্ঘদিন তাঁরা নোয়াখালীতে ছিলেন। পারিবারিক দ্বন্দ্বের কারণে তাঁরা বারআউলিয়া এলাকায় বাসা ভাড়া নেন। তিনি বলেন, লিয়াকত গাড়ি (মাইক্রোবাস) চালাতেন, সাদ্দাম ছিলেন লিয়াকতের সহকারী।
লিয়াকতের পরিবারের দাবির বিষয়ে র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল বলেন, কেউ লিয়াকতকে তুলে নিয়ে গিয়েছিল কি না, তা তাঁদের জানা নেই। শুক্রবার রাতে র্যাবের গাড়িতে ডাকাত দল হানা দেয়। তখন বন্দুকযুদ্ধে তিনজন মারা যায়।
বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি প্রথম আলোকে বলেন, ‘নিহত লিয়াকত পেশাদার ডাকাত ছিল। এ অভিযোগে বেশ কয়েকবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। লিয়াকতের কর্মকাণ্ডের কারণে তাকে এলাকাছাড়া করে স্থানীয় বাসিন্দারা।’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, লিয়াকতের বিরুদ্ধে ডাকাতি ও নাশকতার ঘটনায় পাঁচটি মামলা ছিল। কয়েকবার গ্রেপ্তারও হয়েছেন। লিয়াকতকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে তাঁর পরিবার থানায় জিডি করতে আসেনি বলে দাবি করেন তিনি।