ডিবি পরিচয়ে দুজনকে অপহরণের অভিযোগ, পাঁচ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দুজনকে অপহরণের অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে রমনা থানার পুলিশ। গতকাল বিকেলে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে অপহূত দুজনকে আহতাবস্থায় পুলিশ উদ্ধার করে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন ঢাকার কামরাঙ্গীরচরের মো. হানিফ (২৬), মোহাম্মদপুরের বায়েজিদ (২৮), টাঙ্গাইল জেলার ফিরোজ আল মামুন (২৯) ও ফাহাদ বিন সিরাজ (১৮) এবং মৌলভীবাজার জেলার মো. আফজাল হোসেন। রমনা থানার উপপরিদর্শক এম এ আজিজ জানান, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে গোয়েন্দা পুলিশ পরিচয় (ডিবি) দিয়ে পাঁচ-ছয়জন লোক মৌচাক মার্কেট এলাকা থেকে ব্যবসায়ী মিজান ও রফিকুলকে অপহরণ করেন। তাঁরা দুই ব্যক্তিকে মগবাজারে একটি বিপণিবিতানের নিচে এনে দুটি স্ট্যাম্পে স্বাক্ষরের জন্য চাপ দিতে থাকেন। ওই দুজন এতে রাজি না হলে অপহরণকারীরা তাঁদের মারধর করেন। ওই সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তিনি জানান, ডিবি পরিচয়ে দুই ব্যক্তিকে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পরই পুলিশ অভিযান শুরু করে। পুলিশ জানায়, অপহরণকারীরা নগদ ৪৭ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়ে গেছে বলে দুই অপহূত ব্যক্তিরা দাবি করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা আরও দুই-তিনজন সহযোগীর কথা বলেন। তাঁদের মধ্যে ‘বাবু’ নামের একজন সহযোগীর কাছে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফোনসেট রয়েছে বলে অপহরণকারীরা জানান। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি আগেই সটকে পড়েন। এ ব্যাপারে রমনা থানায় একটি মামলা হয়েছে।