ডিবি পরিচয়ে বিচারকের টাকা ছিনতাই
ময়মনসিংহের নান্দাইল পৌর সদরে এক অবসরপ্রাপ্ত বিচারকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছয়-সাতজন লোক নিজেদের পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) লোক পরিচয় দিয়ে বিচারক এ এস এম হেদায়েত হোসেনকে একটি মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাঁর কাছ থেকে অবসর ভাতা ও ব্যক্তিগত লক্ষাধিক টাকা, মূল্যবান কাগজপত্র, মুঠোফোন কেড়ে নিয়ে মাইক্রোবাস থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। গত বৃহস্পতিবার বেলা তিনটায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার উত্তর চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটে। বিচারকের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধরগাঁও গ্রামে। মুঠোফোনে যোগাযোগ করা হলে বিচারক এ এস এম হেদায়েত হোসেন জানান, ব্যক্তিগত গাড়ি নিয়ে তিনি বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে নান্দাইল উপজেলা সদরে আসেন। অবসর ভাতা তোলার কাজে দেরি হতে পারে মনে করে গাড়িটি গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। কাজ শেষ করে দুপুরের বিরতির পর সোনালী ব্যাংকের নান্দাইল শাখা থেকে অবসর ভাতার ৭৮ হাজার ১০৪ টাকা উত্তোলন করে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে রিকশাযোগে গ্রামের বাড়ি ধরগাঁও যাচ্ছিলেন। রিকশাটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উত্তর চণ্ডীপাশা এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস পেছন থেকে এসে রিকশার গতিরোধ করে। মাইক্রোবাস থেকে সাদা পোশাকে ছয়-সাতজন লোক দ্রুত নেমে রিকশাচালকের ভাড়া মিটিয়ে দেয়। তারা ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে একটি মামলায় কিছু জিজ্ঞাসাবাদের জন্য থানায় যেতে হবে বলে তাঁকে ও তাঁর আত্মীয়কে মাইক্রোবাসে তুলে নেয়। তাঁদের নিয়ে মাইক্রোবাসটি কিশোরগঞ্জের দিকে রওনা হলে তিনি (বিচারক) কথিত ডিবি পুলিশকে বলেন ‘থানা তো নান্দাইলে। আপনারা উল্টো দিকে যাচ্ছেন কেন।’ এ পর্যায়ে তাঁদের দুজনের চোখ বেঁধে ফেলা হয়। এরপর তাঁর কাছ থেকে মুঠোফোন, লক্ষাধিক টাকা ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে চামটা বাস স্টপেজের পশ্চিম দিকের একটি নির্জন জায়গায় গাড়িটির গতি কমিয়ে তাঁদের ফেলে দিয়ে চলে যায়। যোগাযোগ করা হলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুদ্দিন ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ডিবি পুলিশের পরিচয় দিয়ে সংঘবদ্ধ প্রতারক দল এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘটনা জানার পরপরই মাইক্রেবাসটি আটকানোর জন্যে শম্ভুগঞ্জ এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়েছিল। কিন্তু গাড়িটি সেই পথে যায়নি।