কুষ্টিয়ার 'অপহৃত' ব্যবসায়ীর খোঁজ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর কাছের গোল চত্বর থেকে ‘অপহূত’ বালু ব্যবসায়ী শফিকুল ইসলাম ওরফে শফির (৪০) খোঁজ পাওয়া গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দাবি, তাঁকে ৫০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম আজ সকালে প্রথম আলোকে জানিয়েছিলেন, রাত আড়াইটা থেকে তিনটার দিকে গোলচত্বর এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন তাঁকে ধরে একটি হায়েস মাইক্রোবাসে করে নিয়ে যায়। এরপর মাইক্রোবাসটি সেতু পার হয়ে পাবনার ঈশ্বরদীর দিকে চলে যায়। এ সময় মাইক্রোবাসের সঙ্গে নোয়া গাড়ি ছিল। দুটো গাড়িই সাদা রঙের।

তবে ওসি আজ দুপুর ১২টা ২০ মিনিটে জানান, ঢাকা মহানগর (ডিএমপি) গোয়েন্দা পুলিশ শফিকুলকে ৫০০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে বলে দাবি করে। তিনি বর্তমানে ডিএমপির কার্যালয়ে আছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা সকালে প্রথম আলোকে জানিয়েছিলেন, টোল প্লাজা অতিক্রম করার সময় গাড়ি দুটি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দেওয়া হয় এবং অভিযান আছে বলে দ্রুত চলে যায়। এ কারণে টোল প্লাজা থেকে গাড়ির নম্বর সংগ্রহ করা যায়নি। নোয়া গাড়িটি রাত তিনটা ২৫ মিনিট ১২ সেকেন্ডে ও এর দুই সেকেন্ড পর হায়েস গাড়িটি টোল প্লাজা পার হয়ে যায়।

শফিকুল ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার সিদ্দিকের চাচাত ভাই। আবু বক্কার সিদ্দিক জানান, শফিকুল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বালুর ব্যবসা করলেও এ নিয়ে কারও সঙ্গে তাঁর বিরোধ নেই।