পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের আটক করে ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিন দিনে এ ধরনের ছয়টি ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন ধরে মাইক্রোবাস নিয়ে একদল ছিনতাইকারী পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয় দিয়ে ব্যবসায়ীদের আটক করে হ্যান্ডকাফ পরিয়ে তাঁদের গাড়িতে তুলে বিভিন্ন স্থানে নিয়ে যায়। এরপর তারা টাকাসহ বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আবার অনেকের টাকা-পয়সা না পেলে তাদের আটক ও মামলার ভয় দেখিয়ে কৌশলে মোটা অঙ্কের টাকা আদায় করছে। স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে ঝামেলায় পড়ার আশঙ্কায় ভুক্তভোগীদের একজন ছাড়া অন্যরা থানায় মামলা করতে যাননি। ভুক্তভোগী ব্যবসায়ী ও সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের মাদবপুর গ্রামের চাল ব্যবসায়ী কামাল হোসেন মোগড়াপাড়া চৌরাস্তার একটি ব্যাংক থেকে সাড়ে নয় লাখ টাকা তোলেন। এ টাকা নিয়ে যাওয়ার পথে সোনারগাঁ পৌরসভার হাতকোপা এলাকায় ডিবি পরিচয় দিয়ে ব্যবসায়ী কামাল হোসেনকে হ্যান্ডকাফ পরিয়ে মাইক্রোবাসে তোলা হয়। তাঁর কাছ থেকে টাকা নিয়ে তাঁকে একটি নির্জন স্থানে ফেলে দিয়ে পালিয়ে যেতে থাকে ছিনতাইকারীরা। এ সময় পুলিশ একজনকে আটক করে এক লাখ টাকা উদ্ধার করে। অন্যরা সাড়ে আট লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। একই দিন কাঁচপুরের ক্ষুদ্র ব্যবসায়ী রহিম মোল্লার কাছ থেকে ডিবি পরিচয়ে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। নয়াপুর বাজারের ব্যবসায়ী নাজমুল আলমকে ১৬ অক্টোবর প্রভাকরদী এলাকায় ডিবি পরিচয়ে গাড়িতে তুলে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। গতকাল বুধবার সকলা কাঁচপুর এলাকার ব্যবসায়ী নাজিম উদ্দিনের কাছ থেকে একই কায়দায় হ্যান্ডকাফ পরিয়ে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার একজন ব্যবসায়ী জানান, মামলা ও আটকের ভয় দেখিয়ে ১৬ অক্টোবর তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘ইদানীং ডিবি পরিচয় দিয়ে একটি চক্র অপরাধমূলক কাজ করছে—এ কথা সত্য। আমরা ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছি। পুরো চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের কাছ থেকে ছিনতাই করার একটি ঘটনা ছাড়া অন্যগুলোর ব্যাপারে পুলিশকে কেউ জানায়নি।